'এত শিক্ষার্থী কেন দেশ ছাড়তে মরিয়া?'
Published : 06 Jul 2025, 06:50 PM
কিছুদিন আগে বাবার পরামর্শে একটি অনুষ্ঠানে যোগ দেই আমি। সেটি হবে ছুটির দিনে, তাই ভাবছিলাম যাই একটু ঘুরে আসি।
অনুষ্ঠানে গিয়ে দেখি কয়েকশ শিক্ষার্থী সেখানে অংশ নিয়েছে। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা তাদের সঙ্গে কথা বলছেন। মূলত শিক্ষার্থীদের তারা বিদেশে পড়াশোনার ব্যাপারে উৎসাহিত করছিলেন।
সেই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা কৌতূহল থেকে নানা প্রশ্ন করছিল। বিদেশে পড়ার খরচ কেমন হবে, চাকরি মিলবে কিনা, নাগরিকত্ব পাওয়া সহজ হবে কিনা ইত্যাদি।
এই জিনিসটি নিয়ে তৎক্ষণাৎ কিছু না ভাবলেও পরে আমি ভেবেছি। তখন মনে প্রশ্ন জেগেছে, এত শিক্ষার্থী কেন দেশ ছাড়তে মরিয়া? এবং তাদের লক্ষ্য শিক্ষার্থী ভিসা হলেও বেশিরভাগই আর দেশে ফিরতে ইচ্ছুক নয়। তারা বিদেশে দ্রুত নাগরিকত্ব পেয়ে স্থায়ী হতে চায়।
এটি মূলত মেধা পাচার। কিন্তু, এত এত মেধা পাচার হয়ে গেলে আমাদের দেশ এগিয়ে যাবে কীভাবে? তারা তো নিজের মেধা-শ্রম খরচ করবে অন্য দেশকে এগিয়ে নিতে!
মেধা পাচারের পেছনে আমি শিক্ষার্থীদের খুব বেশি দোষ দেখছি না। কারণ আমাদের দেশ এখনো গণতন্ত্র, মানবাধিকারসহ অনেক সূচকে পিছিয়ে আছে। পড়াশোনা শেষে চাকরি মিলবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই! দেশে শিক্ষিত বেকারের সংখ্যা নেহাত কম নয়।
একজন তরুণ যখন দেখে তার মেধার মূল্যায়ন করা হচ্ছে না তখন সে হতাশ হয়ে পড়ে। আর আমাদের দেশে তো এমনটাই ঘটে আসছে। আমি মনে করি, যার প্রভাব পড়েছে পুরো একটি প্রজন্মের উপর।
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত কলাম থেকে জেনেছি, আমাদের পাশের দেশ ভারত থেকেও অনেক শিক্ষার্থী বিদেশে পড়তে যায়। কিন্তু সরকারের তরফ থেকে এমন উদ্যোগ আছে যে, শিক্ষার্থীরা যেন পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসে। এজন্যই হয়ত ভারত এগিয়ে যাচ্ছে, তারা দিন দিন পরাশক্তির দেশ হয়ে উঠছে।
আমার দূর সম্পর্কের একজন আত্মীয়কে দেখেছি যিনি বিদেশে পড়াশোনা করে, পিএইচডি করে পাঁচ-ছয় বছর আগে দেশের মাটিতে ফিরে এসেছেন। বিদেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার প্রস্তাবকে উপেক্ষা করে তিনি দেশে ফিরে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে কর্মরত।
আমি চাই, আমাদের মধ্যে যেন দেশের জন্য কিছু করার প্রবণতা থাকে। এছাড়াও সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে এদেশকে যারা পরিচালনা করেন তাদেরকে।
এটা হয়ত রাতারাতি সমাধান করে ফেলা সম্ভব নয়, কিন্তু আমাদের এখন থেকেই কাজ শুরু করা উচিত। মেধাবীদের মূল্যায়ন না করলে এই দেশ কি সত্যিই এগিয়ে যাবে?
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।