সস্ত্রীক নিহত পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান হত্যাকাণ্ডের ঘটনার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে।
Published : 20 Aug 2013, 04:06 PM
নিহতদের মেয়েকে বিচারের আগেই প্রচারিত সংবাদে ‘নিশ্চিত হত্যাকারীর মতো করে উপস্থাপন করায় অনেকে উদ্বেগ প্রকাশ করেন।
মোহাম্মদপুর প্রিপারেটোরি কলেজের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, “মেয়েটির বিরুদ্ধে আনা অভিযোগ এখনও প্রমাণ হয়নি। এমনও তো হতে পারে মেয়েটি নির্দোষ। আর এমনটি হলে তার পক্ষে কি সমাজে টিকে থাকা সম্ভব হবে?
"যতটুকু শুনেছি মেয়েটি প্রাপ্তবয়স্ক নয়, তাই সংবাদ মাধ্যমে মেয়েটির নাম ও ছবি প্রচার করা কতটা ঠিক হয়েছে?"
(শিশু অধিকার সনদের অঙ্গীকার মাথায় রেখে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শিশুটির নাম ও চেহারা প্রকাশ করলো না।)
ঢাকার চামেলীবাগের একটি ফ্ল্যাট থেকে গত শুক্রবার মাহফুজুর ও তার স্ত্রী স্বপ্না বেগমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ওই বাড়িতে দুই সন্তান ও আরেক শিশু গৃহকর্মীকে নিয়ে বাস করতো তারা।
এ ঘটনায় তাদের মেয়ে জড়িত বলে সন্দেহ করে পুলিশ। মেয়েটি বৃহস্পতিবার সকালে সাত বছর বয়সী ছোট ভাই ও গৃহকর্মীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে ওই বাড়ির তত্ত্বাবধায়ক জানান। তবে শনিবার সে পল্টন থানায় গিয়ে হাজির হয়।
ধরা দেওয়ার পর তাকে নিয়ে অভিযান চালিয়ে কয়েকজনকে আটকও করে পুলিশ। রোববার নিহতদের কন্যা ও গৃহকর্মীসহ তিনজনকে ৫ দিনের রিমান্ডে নেয় তারা।
এ ঘটনা নিয়ে নানা সংবাদপত্র ও টেলিভিশনে প্রচারিত সংবাদে কোনো ভুল দেখেন না মোহাম্মদপুরের অপর এক বাসিন্দা হাবিবা আক্তার।
এভাবে সংবাদ প্রচার হলে এমন ঘটনা রোধে সমাজ সচেতন হবে বলে ধারণা তার।
তবে গোয়েন্দা পুলিশ মাহফুজুর হত্যাকাণ্ডের সংবাদ প্রচারে বাড়াবাড়ি হয়েছে বলে মন্তব্য করেন আদমজী স্কুলের এক ছাত্রের মা নিলুফার আক্তার।
তেজগাঁও-এর বাসিন্দা নিলুফার হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''মেয়েটিকে নিয়ে এমন অতিরঞ্জিত প্রচারে আমাদের সন্তান ও ভবিষ্যত প্রজন্মের উপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে আমি মনে করি।''
''মেয়েটি যদি অপরাধী হয়, তবে আদালতে তার বিচার হবে।"
এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া নিহতদের মেয়ে ও শিশু গৃহকর্মীর সঙ্গে আইন অনুযায়ী পুলিশ যথাযথ আচরণ করেনি বলে অভিযোগ রয়েছে।