সস্ত্রীক পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান হত্যা মামলায় শিশু গৃহকর্মীকে আইন না মেনেই রিমান্ডে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
Published : 19 Aug 2013, 04:05 PM
এ দম্পতির লাশ গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার চামেলীবাগের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। ওই ফ্ল্যাটে মাহফুজুরের পরিবারের সদস্যদের সঙ্গে থাকতো ‘১৫ বছর’ বয়সী এক শিশু গৃহকর্মী।
(শিশু অধিকার সনদের অঙ্গীকার মাথায় রেখে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ মামলায় অভিযুক্ত শিশুদের নাম ও চেহারা প্রকাশ করলো না।)
এই জোড়াখুনের মামলায় মাহফুজুরের মেয়েসহ তিনজনকে আদালতের অনুমতি নিয়ে ৫ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। এদের একজন ওই গৃহকর্মী।
এ মামলায় শিশুদের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রক্রিয়ায় ‘শিশু আইন ১৯৭৪’ এবং ‘শিশু অধিকার আইন ২০১৩’ যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে মন্তব্য করেন আইন সংশ্লিষ্টরা।
এর আগে পুলিশকন্যার বয়স ‘বাড়িয়ে’ রিমান্ডে নেওয়ারও অভিযোগ ওঠে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুবকে সোমবার বলেন, “সমাজসেবা অধিদপ্তরের জেলা প্রবেশন কর্মকর্তাকে না জানিয়ে এবং বয়স যাচাই না করে একটি শিশুকে গ্রেপ্তার দেখানো শিশু অধিকার আইন ২০১৩-এর লঙ্ঘন।”
এই গৃহকর্মী শিশুটির রিমান্ড চেয়ে জিজ্ঞাসাবাদের ঘটনাটিও মানবাধিকার কমিশন কখনোই সমর্থন করে না বলেন তিনি।
ইউনিসেফের শিশু সুরক্ষা বিভাগের প্রোগ্রাম অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, “শিশু আইন ১৯৭৪-এর ১৩(২) ধারা অনুযায়ী কোনো শিশু অপরাধে অভিযুক্ত হলে তাকে আটকের পর পুলিশ প্রথমে অভিযুক্তের বাবা-মাকে তা জানাবে।
“একই আইনের ৫০ ধারায় বলা হয়েছে, এরপর সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তাকে শিশুটির অপরাধের ব্যাপারে জানাবে পুলিশ।
“সে কর্মকর্তা শিশুটির অপরাধ তদন্ত করে প্রতিবেদন দেবে কিশোর আদালতে এবং বিচার চলাকালে শিশুটির নিরাপদ স্থানে অবস্থান নিশ্চিত করবে পুলিশ।
“প্রচলিত আদালতে নয়, শিশুটির বিচার হবে কিশোর আদালতে।
“কিন্তু গৃহকর্মীটির বিচারের ক্ষেত্রে শিশু আইনের যথাযথ প্রয়োগ ঘটেনি।”
শিশুগৃহকর্মীকে রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে আইন ঠিক মতো না মানার অভিযোগ প্রসঙ্গে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, “গোয়েন্দারা হত্যার ঘটনায় এই গৃহকর্মীর সম্পৃক্ততা পেয়েছে বলেই তাকে গ্রেপ্তার করেছে।
“গোয়েন্দা পুলিশ আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে তাকে রিমান্ডে নেবার অনুমতি চাইলে আদালত সব আইন বিবেচনা করেই তার রিমান্ড মঞ্জুর করেন।”
তাকে মহিলা পুলিশের উপস্থিতিতেই গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলেও হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
এদিকে, ২০০৩ সালে বিচারপতি মো. হামিদুল হক ও বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর এক রায়ে পুলিশী জিজ্ঞাসাবাদের জন্য স্বচ্ছ কাচের ঘরের কথা বলেন।
এই রায়ের সুবাদে শুধুমাত্র যুদ্ধাপরাধের মামলার আসামিদের সেফহোমে জিজ্ঞাসাবাদের সময় পাশের ঘরে তাদের আইনজীবী উপস্থিত ছিল। ওই রায়ের বিরুদ্ধে আপিল হলেও রায়টি স্থগিত না হওয়ায় সেটি এখনও বহাল আছে।