সাধারণ আমের উৎপত্তি হয়েছিল ইন্দো-মিয়ানমার অঞ্চলের একটি বিস্তীর্ণ এলাকায়।
Published : 23 Sep 2026, 02:00 AM
আম শুধু সুস্বাদু একটি ফল নয়, এর ইতিহাসও অন্তত চার হাজার বছরের পুরোনো। আর সেই ইতিহাসের সঙ্গে বর্তমান বাংলাদেশের ভূখণ্ডও যুক্ত।
বৈজ্ঞানিক গবেষণা বলছে, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বা সাধারণ আমের উৎপত্তি হয়েছিল ইন্দো-মিয়ানমার অঞ্চলের একটি বিস্তীর্ণ এলাকায়।
বর্তমান বাংলাদেশ, উত্তর-পূর্ব ভারত এবং উত্তর-পশ্চিম মিয়ানমারজুড়ে বিস্তৃত এই অঞ্চলকে সাধারণ আমের বিবর্তন ও আদি বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে ধরা হয়।
বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতেও আমের উৎপত্তিকে ইন্দো-মিয়ানমার অঞ্চলের সঙ্গে যুক্ত করা হয়েছে।
পরে মানুষের চাষাবাদ, আদান-প্রদান এবং বিস্তারের মাধ্যমে আম দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর বিশ্বের অন্যান্য উষ্ণমণ্ডলীয় অঞ্চলসহ বহু দেশে এর চাষ শুরু হয়।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, বর্তমানে আম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উষ্ণমণ্ডলীয় ফল। এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে এর ব্যাপক চাষ হয়।
তবে ‘ফলের রাজা’ কোনো বৈজ্ঞানিক বা আনুষ্ঠানিক উপাধি নয়। স্বাদ, সুগন্ধ, বৈচিত্র্য এবং দক্ষিণ এশিয়ার সংস্কৃতিতে দীর্ঘদিনের গুরুত্বের কারণে মানুষ আমকে এই নামে ডেকে আসছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।