বলধা গার্ডেনের দুটি অংশ রয়েছে। বৃহত্তর অংশটির নাম সিবিলি এবং ছোট অংশটির নাম সাইকি।
Published : 28 Nov 2026, 03:10 PM
ঢাকার ওয়ারী এলাকায় অবস্থিত বলধা গার্ডেন। ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলার এ অঞ্চলের অন্যতম প্রাচীন উদ্ভিদ উদ্যান এটি।
বাংলাপিডিয়ার তথ্যমতে, ১৯০৯ সালে ভাওয়াল জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী এই উদ্যান প্রতিষ্ঠা করেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দুর্লভ প্রজাতির গাছপালা সংগ্রহ করে তিনি বাগানটি সমৃদ্ধ করেন।
বলধা গার্ডেনের দুটি অংশ রয়েছে। বৃহত্তর অংশটির নাম সিবিলি এবং ছোট অংশটির নাম সাইকি।
নরেন্দ্র নারায়ণ চৌধুরীর মৃত্যুর পর বাগানটির উন্নয়নকাজ বন্ধ হয়ে যায়। পরে ১৯৬২ সালে এটি তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হয়। তখন থেকে বন বিভাগ এর ব্যবস্থাপনার দায়িত্ব পায়।
বাংলাদেশের স্বাধীনতার পর বন বিভাগ নতুন করে বাগানটির উন্নয়ন শুরু করে। নির্মাণ করা হয় দুটি গ্রিনহাউস এবং দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা।
বলধা গার্ডেনে সাত ধরনের অর্কিড, ক্যাকটাস, গোলাপ, জলজ উদ্ভিদ, বৃক্ষ ও বিভিন্ন দুর্লভ প্রজাতির গাছ রয়েছে। এসব উদ্ভিদের অনেকগুলোই বিদেশি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এই বাগান পরিদর্শনে এসেছিলেন। জাপান থেকে আনা ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি ‘ক্যামেলিয়া’ কবিতাটি রচনা করেন।
এ ছাড়া বলধা গার্ডেনের অন্যতম আকর্ষণ সেঞ্চুরি প্ল্যান্ট, বাওবাব গাছ, সূর্যঘড়ি ও পদ্মপুকুর। সাইকি অংশের পদ্মপুকুরে রয়েছে নানা ধরনের জলজ উদ্ভিদ। আর সিবিলি অংশের গোলাপ বাগানে রয়েছে বিভিন্ন জাতের গোলাপ।
বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও ফুলের সৌন্দর্যের কারণে বলধা গার্ডেন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় একটি স্থান।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।