ইউনিসেফ বাংলাদেশের তথ্য বলছে, বিবাহিত মেয়েদের স্কুলের বাইরে থাকার আশঙ্কা অবিবাহিত সমবয়সীদের তুলনায় চার গুণেরও বেশি।
Published : 23 Nov 2026, 07:45 PM
পড়াশোনা একটি মেয়েকে নিজের ভবিষ্যৎ গড়ার সুযোগ করে দেয়। কিন্তু বাল্যবিয়ের কারণে অনেক কিশোরীর পড়াশোনা বন্ধ হয়ে যায়। আবার শিক্ষার সুযোগ কম থাকলে বাল্যবিয়ের ঝুঁকিও বেশি দেখা যায়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস ও ইউনিসেফের ২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে বা এমআইসিএসের তথ্য অনুযায়ী, দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে।
একই জরিপে নারীদের শিক্ষার স্তর অনুযায়ী বাল্যবিয়ের হারে বড় পার্থক্য দেখা গেছে। ১৮ থেকে ৪৯ বছর বয়সী নারীদের মধ্যে যাদের প্রাক-প্রাথমিক বা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তাদের ৬৯ দশমিক ৩ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছরের আগে। অন্যদিকে, উচ্চশিক্ষা রয়েছে এমন নারীদের ক্ষেত্রে এই হার ১২ দশমিক ৫ শতাংশ।
ইউনিসেফ বাংলাদেশের তথ্য বলছে, বিবাহিত মেয়েদের স্কুলের বাইরে থাকার আশঙ্কা অবিবাহিত সমবয়সীদের তুলনায় চার গুণেরও বেশি।
তবে এসব তথ্য থেকে শুধু শিক্ষার অভাবকেই বাল্যবিয়ের কারণ বলা যায় না। পরিবারের আর্থিক অবস্থা, সামাজিক চাপ ও মেয়েদের নিরাপত্তার মত বিষয়ও এর সঙ্গে জড়িত।
তাই বাল্যবিয়ে কমাতে মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও সমাজের সহযোগিতাও প্রয়োজন।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।