নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর এই মাঠেই পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।
Published : 25 Nov 2026, 03:45 PM
ঢাকার রমনা এলাকার ইতিহাস কয়েকশ বছরের পুরোনো। মোগল আমলে এই এলাকা পরিচিত ছিল বাগ-ই-বাদশাহী নামে।
বাংলাপিডিয়া থেকে জানা যায়, ১৬১০ সালে মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে সুবেদার ইসলাম খান ঢাকা নগরী প্রতিষ্ঠা করেন। তখন রমনা এলাকায় গড়ে উঠেছিল বসতি, মসজিদ, মন্দির, সমাধি ও বাগান। তবে মোগল সাম্রাজ্যের পতনের পর এলাকাটি ধীরে ধীরে জঙ্গলাকীর্ণ ও পরিত্যক্ত হয়ে পড়ে।
১৮২৫ সালে ঢাকার ব্রিটিশ কালেক্টর ডয়েস এলাকার জঙ্গল পরিষ্কার করে একে পরিচ্ছন্ন রূপ দেন। পুরোনো স্থাপনাগুলোর অধিকাংশ সরিয়ে জায়গাটির নাম দেন ‘রমনা গ্রিন’। পরে ঘোড়দৌড়ের মাঠ হিসেবে ব্যবহারের জন্য এলাকাটি কাঠের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়। এভাবেই পরিচিতি পায় রমনা রেসকোর্স নামে।
ঢাকার নবাবদের পৃষ্ঠপোষকতায় এখানে ঘোড়দৌড় জনপ্রিয় হয়ে ওঠে। নবাবরা রেসকোর্স এলাকায় একটি সুন্দর বাগান তৈরি করেন, যার নাম দেন শাহবাগ বা রাজকীয় বাগান। পরে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে বৃহত্তর রমনা এলাকার গুরুত্ব আরও বেড়ে যায়।
এই মাঠের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে। ১৯৭১ সালের ৭ মার্চ এখানেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। পরে যে ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।
নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর এই মাঠেই পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।
স্বাধীনতার পর রমনা রেসকোর্সের নাম পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যান রাখা হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি ধরে রাখতে এখানে স্থাপন করা হয়েছে শিখা চিরন্তন ও স্বাধীনতা স্তম্ভ। পাশাপাশি রয়েছে ভূগর্ভস্থ ‘স্বাধীনতা জাদুঘর’।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।