বাংলাদেশে এর একটি যোগসূত্র পাওয়া গেছে বিশ্বব্যাংকের একটি গবেষণায়।
Published : 30 Sep 2026, 11:26 AM
বন্যা, ঘূর্ণিঝড় বা অন্য কোনো দুর্যোগে একটি পরিবারের ঘরবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হতে পারে। কমে যেতে পারে আয়, ব্যাহত হতে পারে সন্তানদের পড়াশোনা। এমন পরিস্থিতিতে বাল্যবিয়ের ঝুঁকিও বাড়তে পারে।
বাংলাদেশে এর একটি যোগসূত্র পাওয়া গেছে বিশ্বব্যাংকের একটি গবেষণায়।
এতে দেখা গেছে, আবহাওয়াজনিত দুর্যোগের পর ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের বাল্যবিয়ের ঝুঁকি বাড়তে পারে। একই সঙ্গে তাদের স্কুলে থাকার সম্ভাবনাও কমে যেতে পারে। গবেষণায় এই দুইয়ের মধ্যে যথাক্রমে ৩ দশমিক ৩ ও ৫ দশমিক ২ শতাংশ পয়েন্টের সম্পর্ক পাওয়া গেছে।
ইউনিসেফ বাংলাদেশের একটি প্রকাশনায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ দারিদ্র্য, শিক্ষার ঘাটতি এবং ক্ষতিকর সামাজিক রীতির মতো বিদ্যমান ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। এমন পরিস্থিতিতে কিছু পরিবার বাল্যবিয়েকে সংকট মোকাবিলার একটি উপায় হিসেবে বেছে নিতে পারে।
২০২৪ সালে বাংলাদেশে জলবায়ুজনিত সংকটে শিশুদের পড়াশোনাও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ইউনিসেফের হিসাবে, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও বন্যাসহ বিভিন্ন চরম আবহাওয়ার কারণে ওই বছর ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছিল।
সংস্থাটি বলেছে, দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকলে বিশেষ করে কিশোরীদের স্কুল থেকে ঝরে পড়ার এবং পরিবারের অর্থনৈতিক চাপের কারণে তাদের বিয়ে দেওয়ার ঝুঁকি বাড়তে পারে।
দুর্যোগ মোকাবিলায় তাই ত্রাণ ও আশ্রয়ের পাশাপাশি মেয়েদের পড়াশোনা চালু রাখা, পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়া এবং বাল্যবিয়ে ঠেকানোর ব্যবস্থাও গুরুত্বপূর্ণ।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: খুলনা।