এফএওর তথ্য অনুযায়ী, বাড়িতে এভাবে সবজি চাষ করলে পরিবারের খাবারে তাজা ও পুষ্টিকর সবজি যোগ করার সুযোগ বাড়ে
Published : 07 Oct 2026, 03:30 PM
শহরে বাড়ির চারপাশে খালি জায়গা পাওয়া কঠিন। তবে জায়গা কম হলেও বারান্দা, ছাদ বা উঠানের ছোট অংশে গাছ লাগানো যায়। এমন ছোট বাগান থেকে পরিবারের জন্য তাজা শাকসবজি পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, ছোট জায়গায় বাগান করার পদ্ধতিতে শাকসবজি, মূল ও কন্দজাতীয় ফসল এবং বিভিন্ন মসলা চাষ করা যায়। এ ধরনের বাগান বারান্দা, ছাদ বা বাড়ির অন্য ছোট জায়গাতেও করা সম্ভব। পাত্র ব্যবহার করেও এসব গাছ লাগানো যায়।
এফএওর তথ্য অনুযায়ী, বাড়িতে এভাবে সবজি চাষ করলে পরিবারের খাবারে তাজা ও পুষ্টিকর সবজি যোগ করার সুযোগ বাড়ে। ছোট বাগানে তুলনামূলক কম জায়গা, পানি ও মাটি ব্যবহার করেও চাষ করা সম্ভব। রান্নাঘরের বর্জ্য থেকে কম্পোস্ট তৈরি করে বাগানে ব্যবহার করা এবং বৃষ্টির পানি সেচের কাজে ব্যবহার করাও সম্ভব।
গাছ লাগানোর আরেকটি ভাল দিক হল বাড়ির আশপাশে সবুজ পরিবেশ তৈরি হওয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সবুজ জায়গা মানুষকে বিশ্রাম ও শরীরচর্চার সুযোগ দেয় এবং মানসিক সুস্থতায় সহায়তা করতে পারে। শহরের সবুজ জায়গা অতিরিক্ত তাপ কমাতেও ভূমিকা রাখে।
তাই বড় বাগান করার জায়গা না থাকলেও কয়েকটি পাত্র দিয়ে শুরু করা যেতে পারে। পরিবারের সবাই মিলে গাছের যত্ন নিলে বাড়ির ছোট জায়গাটিও হয়ে উঠতে পারে সবুজ ও প্রাণবন্ত।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।