আটজন ট্রাস্টিকে নিয়ে গঠিত একটি ট্রাস্টের নাগরিক উদ্যোগে ১৯৯৬ সালের ২২ মার্চ ঢাকার সেগুনবাগিচার একটি পুরোনো দোতলা বাড়িতে যাত্রা শুরু করে জাদুঘরটি।
Published : 28 Nov 2026, 04:20 PM
একটি দেশের স্বাধীনতার পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম, অসংখ্য মানুষের ত্যাগ আর অনেক না বলা গল্প। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেই ইতিহাস ও স্মৃতি সংরক্ষিত আছে ঢাকার আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে।
আটজন ট্রাস্টিকে নিয়ে গঠিত একটি ট্রাস্টের নাগরিক উদ্যোগে ১৯৯৬ সালের ২২ মার্চ ঢাকার সেগুনবাগিচার একটি পুরোনো দোতলা বাড়িতে যাত্রা শুরু করে জাদুঘরটি। পরে ২০১৭ সালের ১৬ এপ্রিল আগারগাঁওয়ে নিজস্ব ভবনে উদ্বোধন করা হয় এর নতুন ঠিকানা।
জাদুঘরের প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে বাঙালির ঐতিহ্য, অধিকার আদায়ের সংগ্রাম, মুক্তিযুদ্ধের নানা ঘটনা এবং চূড়ান্ত বিজয়ের ইতিহাস।
এখানে রয়েছে মুক্তিযুদ্ধের সময়ের দুর্লভ ছবি, দলিল, সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন এবং মুক্তিযোদ্ধা ও শহীদদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। এসব নিদর্শনের মধ্য দিয়ে দর্শনার্থীরা জানতে পারেন একাত্তরের নানা ঘটনা ও মানুষের অভিজ্ঞতার কথা।
জাদুঘরটির নিজস্ব ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১০ অক্টোবর পর্যন্ত এখানে দর্শনার্থীর সংখ্যা ১২ লাখ ১৬ হাজার ৯০০ ছাড়িয়েছে।
শুধু ইতিহাস সংরক্ষণই নয়, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মানবাধিকারের গুরুত্ব তুলে ধরতেও কাজ করছে জাদুঘরটি।
সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়। কিন্তু একটি জাতির জন্মের ইতিহাস যেন হারিয়ে না যায়, সেই স্মৃতি ধরে রাখারই চেষ্টা এই মুক্তিযুদ্ধ জাদুঘর।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।