ধারণা করা হয়, ১৬১০ সালে নবাব আব্দুল বারি এটি খনন করেন। পুকুরটি আজও টিকে আছে নবাব ঐতিহ্যের প্রতীক হয়ে।
Published : 28 Nov 2026, 03:30 PM
পুরান ঢাকার ইসলামপুরে আহসান মঞ্জিলের পাশে রয়েছে শতাব্দী প্রাচীন একটি পুকুর। নাম গোল তালাব।
ধারণা করা হয়, ১৬১০ সালে নবাব আব্দুল বারি এটি খনন করেন। পুকুরটি আজও টিকে আছে নবাব ঐতিহ্যের প্রতীক হয়ে।
চারপাশে গড়ে ওঠা উঁচু উঁচু ভবনের কারণে অনেকটাই আড়ালে পড়ে গেছে পুকুরটি। তবে এখনো ধরে রেখেছে পুরোনো দিনের স্মৃতি। এর আসল নাম গোল তালাব হলেও স্থানীয় মানুষের কাছে এটি নবাববাড়ির পুকুর নামেও পরিচিত।
‘তালাব’ একটি উর্দু শব্দ। এর অর্থ জলাধার। ১৬১০ সালে নবাব আব্দুল বারি পুকুরটি খনন করেন। প্রায় ছয় বিঘা আয়তনের এই পুকুরটির গভীরতা ২৩ ফুট।
পুকুরের চারপাশে রয়েছে নারকেল, আম ও নিমসহ বিভিন্ন গাছ। প্রতিদিন স্থানীয় বাসিন্দারা এখানে গোসল করতে আসেন। দূর-দূরান্ত থেকেও অনেকে পুকুরটি দেখতে আসেন।
কেউ কেউ এখানে সাঁতারের অনুশীলন করেন। গোসল করতে জনপ্রতি ১০ টাকা দিতে হয়। তবে পানির পরিচ্ছন্নতা বজায় রাখতে পুকুরে সাবান ও শ্যাম্পু ব্যবহার নিষেধ।
সাঁতার কাটতে ও শিখতে বড়দের পাশাপাশি শিশুদেরও এখানে আসতে দেখা যায়।
পুকুরটির দেখভাল করে নবাববাড়ি অ্যাংলিং পুকুর পরিচালনা কমিটি। পুকুরে মাছ চাষের পাশাপাশি নির্দিষ্ট সময়ে বড়শি দিয়ে মাছ ধরারও সুযোগ রয়েছে।
ব্যস্ত ঢাকায় টিকে থাকা এই পুকুর কেবল একটি জলাধার নয়, এটি পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্যেরও অংশ।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।