এখানে শুধু বাইরে থেকে বিমান দেখার সুযোগ নয়, টিকিট কেটে কয়েকটি বিমানের ভেতরেও ওঠা যায়।
Published : 28 Nov 2026, 05:00 PM
এক জায়গায় সারি সারি যুদ্ধবিমান, হেলিকপ্টার, রাডার আর নানা ধরনের উড়োজাহাজ। দূর থেকে দেখলে মনে হবে যেন বিমান বাহিনীর কোনো ঘাঁটি। তবে এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর।
জাদুঘরের খোলা প্রাঙ্গণে সাজানো রয়েছে বিভিন্ন সময় বিমান বাহিনীতে ব্যবহৃত যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টার। রয়েছে রাডারসহ বিমান বাহিনীর ব্যবহৃত নানা সরঞ্জামও।
এখানে শুধু বাইরে থেকে বিমান দেখার সুযোগ নয়, টিকিট কেটে কয়েকটি বিমানের ভেতরেও ওঠা যায়। কাছ থেকে দেখা যায় বিমানের ককপিট ও ভেতরের বিভিন্ন অংশ।
তবে জাদুঘরের আকর্ষণ শুধু বিমানেই সীমাবদ্ধ নয়। এখানে রয়েছে অ্যাকুয়ারিয়াম, যেখানে নানা প্রজাতির মাছ দেখা যায়। আছে শিশুদের জন্য বিভিন্ন রাইড ও বিনোদনের আয়োজন।
ছুটির দিনে জাদুঘর প্রাঙ্গণে দেখা যায় অনেক শিশু ও পরিবারের সদস্যদের ঘুরে বেড়াতে। কেউ বিমানের সামনে ছবি তুলছে, কেউ আবার রাইডে চড়ছে। সব মিলিয়ে জায়গাটি হয়ে উঠেছে ইতিহাস জানার পাশাপাশি অবসর কাটানোরও একটি আকর্ষণীয় স্থান।
একদিকে দেশের বিমান বাহিনীর ইতিহাস ও ব্যবহৃত উড়োজাহাজ সম্পর্কে জানার সুযোগ, অন্যদিকে অ্যাকুয়ারিয়াম ও রাইডে বিনোদনের ব্যবস্থা। সব মিলিয়ে একই প্রাঙ্গণে রয়েছে দেখার ও উপভোগ করার নানা আয়োজন।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।