১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ শিশু অধিকার সনদ (সিআরসি) বাস্তবায়নে বিশ্বনেতারা চুক্তি সাক্ষর করেন।
Published : 20 Nov 2025, 09:38 AM
শিশুর জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে ২০ নভেম্বর 'বিশ্ব শিশু দিবস’ পালন করে জাতিসংঘের শিশু তহবিল- ইউনিসেফ।
এই দিনটি শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষার সুযোগ এবং সমঅধিকারের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।
১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ শিশু অধিকার সনদ (সিআরসি) বাস্তবায়নে বিশ্বনেতারা চুক্তি সাক্ষর করেন। যে সনদকে পৃথিবীর ইতিহাসে 'সবচেয়ে ব্যাপকভাবে অনুমোদিত' মানবাধিকার চুক্তি বলা হয়ে থাকে।
ইউনিসেফ বাংলাদেশের ওয়েবসাইটে বলা হয়েছে, শিশু অধিকার সনদের আলোকে শিশুদের জন্য এবং শিশুদের নিয়ে বিশ্বব্যাপী সংস্থাটি শিশু দিবস পালন করে। এই দিনে তারা শিশুদের সবচেয়ে বড় সমস্যাগুলো সমাধানে সমর্থন আদায় করে, শিশু অধিকার বিষয়ে সচেতনতা বাড়ায় এবং প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে।
শিশু অধিকার সনদ প্রথম ঘোষণা করা হয় ১৯৫৯ সালে। তবে ১৯৯০ সালে এটি আন্তর্জাতিক আইনের মর্যাদা পাওয়ার পর সব দেশের জন্য এটি অনুসরণ করা বাধ্যতামূলক হয়। একই বছরে বাংলাদেশও সনদে স্বাক্ষর করে শিশুদের অধিকার রক্ষায় অঙ্গীকার প্রকাশ করে।
শিশু অধিকার সনদে সাধারণত ১৮ বছরের কম বয়সী যেকোনো মানুষকে শিশু হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শৈশবকাল একটি বিশেষ এবং সুরক্ষিত সময়, যখন শিশুদের বেড়ে ওঠার, শেখার, খেলার, উন্নতি করার এবং মর্যাদার সঙ্গে বিকাশ লাভ করার সুযোগ দিতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ঢাকা।