স্থানীয়রা জানান, এই লাইব্রেরি কেবল বইয়ের সংগ্রহশালা নয়, এটি একটি সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী কেন্দ্র।
Published : 30 Sep 2026, 04:40 PM
সুনামগঞ্জের সুরমা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি আজও জ্ঞানচর্চা, ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করছে।
১৯২৬ সালে প্রতিষ্ঠিত এই পাঠাগারের আদি নাম ‘সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি’। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধে শহীদ গেরিলা যোদ্ধা জগৎজ্যোতি দাসের স্মৃতিকে ধারণ করে এর নামকরণ করা হয় ‘জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি’।
৫ নম্বর সেক্টরের গেরিলা যোদ্ধা জগৎজ্যোতি দাস ‘দাস পার্টি’র প্রধান হিসেবে পরিচিত ছিলেন। ১৯৭১ সালের ১৬ নভেম্বর দিঘলবাকের যুদ্ধে তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শহীদ হন। তার স্মৃতিকে অমর করে রাখতেই পাঠাগারটির নাম পরিবর্তন করা হয়।
স্থানীয়রা জানান, এই লাইব্রেরি কেবল বইয়ের সংগ্রহশালা নয়, এটি একটি সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী কেন্দ্র। এখানে দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি থেকে শুরু করে আধুনিক সাহিত্যসহ হাজারো বই সংরক্ষিত রয়েছে।
পাঠাগারটি অনেক লেখক, শিল্পী ও সাহিত্যিকের বিকাশেও ভূমিকা রেখেছে বলে জানান সংশ্লিষ্টরা।
প্রচ্ছদ শিল্পী ও লেখক ধ্রুব এষসহ অনেকেই এই পাঠাগারকে নিজেদের অনুপ্রেরণার জায়গা হিসেবে উল্লেখ করেছেন।
বর্তমানে প্রতিদিন বিকেলে পাঠাগার প্রাঙ্গণে বইপ্রেমীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় শিক্ষার্থীদের কাছে এটি এখনো একটি গুরুত্বপূর্ণ অধ্যয়ন ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: সুনামগঞ্জ।