সোহানুরের ভাষ্য, “যে অপরাধ আমি করিনি বা যে দায় আমার নেই, তার জন্য যখন আমাকে শাস্তি পেতে হয়, সেটা তো অবিচারই।”
Published : 01 Nov 2026, 06:00 PM
বন্যা, নদীভাঙন ও ঘূর্ণিঝড়ের পর দারিদ্র্য ও বাস্তুচ্যুতির কারণে মেয়েদের বাল্যবিয়ের ঝুঁকি বাড়ে। পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট গ্লোবালের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমানের মতে, এ ঝুঁকি কমাতে শিক্ষায় বিনিয়োগের পাশাপাশি দুর্যোগের ক্ষতি মোকাবিলা ও স্থানীয় পর্যায়ে অভিযোজনের উদ্যোগ বাড়াতে হবে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, শিল্পোন্নত দেশগুলো দীর্ঘদিনের শিল্পায়ন ও কার্বন নিঃসরণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনে ভূমিকা রেখেছে। অথচ এর ক্ষতিকর প্রভাব মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোকে।
সোহানুরের ভাষ্য, “যে অপরাধ আমি করিনি বা যে দায় আমার নেই, তার জন্য যখন আমাকে শাস্তি পেতে হয়, সেটা তো অবিচারই।”
শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাবের কথাও তুলে ধরেন তিনি।
এ প্রসঙ্গে সোহানুর বলেন, ২০২০ সালে জন্ম নেওয়া একটি শিশু তার জীবদ্দশায় এখন ৫০ বছর বয়সী একজন মানুষের জীবনের তুলনায় বেশি জলবায়ুজনিত দুর্যোগের মুখোমুখি হতে পারে।
তার মতে, বর্তমান প্রজন্মের শিশুদের জলবায়ু সংকটের জন্য কোনো দায় নেই। অথচ এর প্রভাব তাদের ভবিষ্যতকে ঝুঁকির মুখে ফেলছে। তাই শিশুদের অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষিত রাখা জরুরি। প্রজন্মের পর প্রজন্মের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করার এই ধারণাকে বলা হয় আন্তঃপ্রজন্মগত ন্যায়বিচার।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।