অধ্যাপক শাহ মো. আতিকুল হক বলেন, তার গবেষণায় অভিভাবকেরা আশ্রয়কেন্দ্রে মেয়েদের যৌন হয়রানি ও সহিংসতার আশঙ্কার কথা জানিয়েছেন।
Published : 11 Oct 2026, 02:40 PM
দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রে মেয়েদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ থেকে কিছু পরিবার মেয়ের বাল্যবিয়ের সিদ্ধান্ত নেয় বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বন্যার সময় অনেক পরিবারকে একসঙ্গে আশ্রয়কেন্দ্রে থাকতে হয়। সেখানে নারী ও কিশোরীদের জন্য পর্যাপ্ত নিরাপদ জায়গা, শৌচাগার ও গোসলের ব্যবস্থা না থাকলে নিরাপত্তার সমস্যা তৈরি হতে পারে।
অধ্যাপক শাহ মো. আতিকুল হক বলেন, তার গবেষণায় অভিভাবকেরা আশ্রয়কেন্দ্রে মেয়েদের যৌন হয়রানি ও সহিংসতার আশঙ্কার কথা জানিয়েছেন। কোনো মেয়ে এমন ঘটনার শিকার হলে সমাজে তাকে দোষারোপ করা হতে পারে বলেও পরিবারগুলো ভয় পায়।
তিনি বলেন, এমন ঘটনার কারণে ভবিষ্যতে মেয়েটির বিয়ের প্রস্তাব কমে যেতে পারে, এমন আশঙ্কা থেকেও কিছু পরিবার দ্রুত বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
দুর্যোগের সময় নারী ও কিশোরীদের জন্য আলাদা নিরাপদ থাকার জায়গা, নিরাপদ শৌচাগার ও গোসলের ব্যবস্থা এবং যথাযথ তত্ত্বাবধান নিশ্চিত করার পরামর্শ দেন এই শিক্ষক।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: সিলেট।