সাদা কাগজে হাতে লেখা এসব বার্তায় পরিবেশ, গাছ, পাখি, নিরাপদ সড়ক ও মাদকবিরোধী নানা কথা তুলে ধরেছে সে।
Published : 11 Oct 2026, 12:29 PM
সড়কের দুই পাশে সারি সারি গাছ। এসব গাছের ডালে ও কাণ্ডে ঝুলছে ছোট ছোট কাগজ। যেখানে লেখা, ‘অকারণে গাছ কাটব না’, ‘পাখি আমাদের বন্ধু’, ‘মোড়ে গতি কমান, জীবন বাঁচান’, ‘মাদককে না বলুন’।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের শাহবাজার এলাকার ঘোগারকুটি গ্রামের প্রায় এক কিলোমিটার সড়কে এমন সচেতনতামূলক বার্তা টাঙিয়েছে মিছবাহুল ইসলাম মুগ্ধ নামের এক শিক্ষার্থী।
সে উত্তর ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে।
সাদা কাগজে হাতে লেখা এসব বার্তায় পরিবেশ, গাছ, পাখি, নিরাপদ সড়ক ও মাদকবিরোধী নানা কথা তুলে ধরেছে সে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুগ্ধ জানায়, পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করার ইচ্ছা থেকেই সে এই কাজ শুরু করেছে।
মুগ্ধর স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাবেদ আলী বলেন, ‘পোস্টার লিখি এবং প্ল্যাকার্ড তৈরি করি’ শিরোনামের একটি পাঠ পড়ানোর দুই দিন পরই মুগ্ধ এই উদ্যোগ নেয়।
এ বিষয়ে মুগ্ধর বাবা বলেন, ছেলের এমন কাজে তিনি গর্বিত। ভবিষ্যতেও মুগ্ধ সমাজের বিভিন্ন কাজে অংশ নিয়ে মানুষের উপকার করবে বলে আশা করেন তিনি।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কুড়িগ্রাম।