তার মতে, শিশুদের ব্যবহারের পণ্যগুলোতে সিসার উপস্থিতি নিয়মিত পরীক্ষা করা দরকার।
Published : 08 Oct 2026, 09:00 PM
শিশুদের খেলনায় ব্যবহৃত রং ও বিভিন্ন প্রসাধনী সামগ্রীর মাধ্যমে শরীরে সিসা প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, খেলনায় ব্যবহৃত রং এবং শিশুদের ব্যবহারের বিভিন্ন প্রসাধনীতে সিসা থাকলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে শিশুরা খেলনা মুখে দেওয়ায় এসব পণ্যের মাধ্যমে তাদের শরীরে সিসা প্রবেশের আশঙ্কা থাকে।
ডা. মুশতাক বলেন, এসব পণ্যে সিসার পরিমাণ নিয়ন্ত্রণে দেশে নিয়মকানুন রয়েছে। নির্ধারিত মাত্রার বেশি সিসা থাকলে কোনো পণ্যের অনুমোদন পাওয়ার কথা নয়।
তার মতে, শিশুদের ব্যবহারের পণ্যগুলোতে সিসার উপস্থিতি নিয়মিত পরীক্ষা করা দরকার। বাজার থেকে খেলনা, প্রসাধনীসহ বিভিন্ন পণ্য সংগ্রহ করে পরীক্ষা করা হলে সিসার উপস্থিতি শনাক্ত করা এবং ঝুঁকি কমানো সম্ভব।
তিনি বলেন, শুধু কোনো পণ্যে লেবেল বা স্টিকার লাগানো আছে কি না, তা দেখলেই হবে না। লেবেল বা স্টিকারে দেওয়া তথ্য সঠিক কি না, পরীক্ষার মাধ্যমে সেটিও নিশ্চিত করা প্রয়োজন।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।