করোনাভাইরাস পরিস্থিতির কারণে পিইসি, জেএসসি, এইচএসসি পরীক্ষার পর এবার বার্ষিক পরীক্ষাও বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
Published : 01 Nov 2020, 11:35 PM
শিক্ষা মন্ত্রণালয়ের এক অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, “বার্ষিক পরীক্ষা ছাড়াই উর্ত্তীণ করা হবে শিক্ষার্থীদের। কোনো পরীক্ষা নয়, এবারের যে পরিস্থিতি, কোনো পরীক্ষা নয়। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না।”
করোনাভাইরাস আতঙ্কের সাথে শিক্ষার্থীদের দুঃশ্চিন্তা ছিল পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়া নিয়ে। এমন সিদ্ধান্তের পর অনেক শিক্ষার্থীরাই ফেলেছে স্বস্তির নিঃশ্বাস।
এ বিষয়ে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাথে কথা হয় কয়েকজন শিক্ষার্থীর।
রাজধানীর মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান সিয়াম বলে, “এটাতে আমি স্বস্তি ফিল করেছি, আমাদের বার্ষিক পরীক্ষা হবে না। করোনাভাইরাসের মাঝে যদি পরীক্ষা হতো, তাহলে আমরা অনেকেই আক্রান্ত হতে পারতাম।”
একই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জিয়াদুল হক বলে, “আমার এই বছর পরীক্ষা হবে না জেনে আমার খুব স্বস্তি লাগতেছে। কারণ এতদিন আমার মাথার ভেতরে একটা টেনশন ছিল যে পরীক্ষা হবে কি না।”
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের মুবাশ্বির খান সৌভিক বলে, “ডিসেম্বর মাসে আমাদের প্রত্যাকবার বার্ষিক পরীক্ষা হতো। এই বছর করোনার কারণে হবে না। এইটার জন্য আমি টেনশন ফ্রী।”
শাফায়াত আহমেদ হ্যালোকে বলেন, “পরীক্ষা যদি হতো তাহলে আমার করোনাভাইরাস হতো পারতো৷ আমি আক্রান্ত হতে পারতাম। বার্ষিক পরীক্ষা হচ্ছে না বলে আমার খুব ভালো লাগতেছে।”
দ্বিতীয় শ্রেণি পড়ুয়া তামিম ইকবাল বলেন, “আমাদের বার্ষিক পরীক্ষা অনেক কঠিন। তার জন্য আমরা বার্ষিক পরীক্ষা দিতে চাই না।”
শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবার জন্য অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন হবে। তবে তা শুধুমাত্র শিক্ষার্থীদের দূর্বলতা নির্ণয়ের জন্য।
মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আর রাফি অভিযোগের সুরে বলে, “আমাদের বার্ষিক পরীক্ষা হবে না। আমাদের বার্ষিক পরীক্ষার অনেক চাপ। মা বাবা বলে খালি পড়, পড়, পড়। সেই কারণে বার্ষিক পরীক্ষা হবে না, অনেক ভালো হয়েছে।”
ইমরান খান নামের এক শিশু অবশ্য জানায় পরীক্ষা নেওয়া হলেই ভালো হতো। সে বলে, “বার্ষিক পরীক্ষা হইলে ভালো হইতো। আমাদের রেজাল্ট টেজাল্ট ভালো হইত।”
উল্লেখ্য, গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।