ছোট ছোট ক্লিপ একত্র করে কীভাবে একটি সম্পূর্ণ গল্প তৈরি করা যায় সেই বিষয়টি শিখতে পেরে সবচেয়ে ভালো লেগেছে।
Published : 19 Apr 2026, 08:28 PM
ছোটবেলা থেকেই সাংবাদিকতার প্রতি আমার আগ্রহ ছিল। এর পেছনে বড় কারণ আমার মা ও বাবা দুজনেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত।
তবে আগ্রহ থাকলেও এই পেশা সম্পর্কে আমার জানাশোনা ছিল খুবই সীমিত। হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালায় অংশ নিয়ে আমি সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানার সুযোগ পেয়েছি।
আগে মনে করতাম খবর লেখা মানেই কিছু তথ্য একসঙ্গে সাজানো। কিন্তু এখন বুঝতে পারছি একটি ভালো সংবাদ লেখার জন্য সঠিক তথ্য সংগ্রহের পাশাপাশি ভাষার নির্ভুল ব্যবহার এবং সুন্দরভাবে উপস্থাপন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এই কর্মশালায় আমি শিখেছি কীভাবে একটি আকর্ষণীয় শিরোনাম লিখতে হয় এবং কীভাবে সংবাদটির শুরুতেই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে হয়। ছবি তোলার ক্ষেত্রেও নতুন অভিজ্ঞতা হয়েছে। শুধু ছবি তুললেই হয় না, ছবির ফ্রেম, অ্যাঙ্গেল, আলো এবং সঠিক মুহূর্ত নির্বাচনও খুব জরুরি।
এছাড়াও শিখেছি কীভাবে একটি ভিডিওকে আকর্ষণীয় করে তুলতে হয়। ভিডিও করার আগে একটি পরিষ্কার পরিকল্পনা থাকা প্রয়োজন। বিষয় কী, কী দেখানো হবে এবং কীভাবে গল্পটি উপস্থাপন করা হবে তা আগে থেকে ভাবতে হয়। পাশাপাশি ভিডিওতে অপ্রয়োজনীয় শব্দ বা কাঁপুনি যেন না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হয়।
ছোট ছোট ক্লিপ একত্র করে কীভাবে একটি সম্পূর্ণ গল্প তৈরি করা যায় সেই বিষয়টি শিখতে পেরে সবচেয়ে ভালো লেগেছে।
এই দুই দিনের প্রতিটি মুহূর্ত আমাকে নতুন কিছু শিখিয়েছে যা অনেক দিন মনে থাকবে। আমার বিশ্বাস, এখানে শেখা বিষয়গুলো শুধু সাংবাদিকতায় নয়, জীবনের নানা ক্ষেত্রেও কাজে লাগবে।
প্রতিবেদেকের বয়স: ১৪। জেলা: পটুয়াখালী।