তার মতে, তরুণরা এখন পরিবেশ নিয়ে সচেতন হচ্ছে এবং নতুন নতুন সমাধান খুঁজতে কাজ করছে।
Published : 30 Sep 2026, 07:40 PM
পরিবেশ ও জলবায়ু রক্ষায় তরুণদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের উপ-পরিচালক রউফা খানম।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় এই শিক্ষক ও গবেষক বলেন, পরিবেশের বর্তমান অবস্থা নিয়ে কিছুটা চিন্তিত হলেও তরুণদের উদ্যোগ দেখে তিনি আশাবাদী। তার মতে, তরুণরা এখন পরিবেশ নিয়ে সচেতন হচ্ছে এবং নতুন নতুন সমাধান খুঁজতে কাজ করছে।
তিনি বলেন, বর্জ্য কমানো, কোনো জিনিস পুনর্ব্যবহার করা, গাছ লাগানো, ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার, সাইকেল চালানো ও হাঁটার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা সম্ভব।
"এসবের পাশাপাশি পরিবার, স্কুল ও কলেজেও পরিবেশ নিয়ে সচেতনতা তৈরি করতে পারে তরুণরা। নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্য, সহপাঠী ও অন্যদের মধ্যেও সেই সচেতনতা ছড়িয়ে দিতে পারে।"
তার মতে, পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত নীতিগুলো সম্পর্কেও তরুণদের জানার প্রয়োজন রয়েছে। কোথাও এসব নীতি মানা না হলে সে বিষয়ে কথা বলা, অন্যদের সচেতন করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে নিজেদের কথা তুলে ধরার সুযোগ রয়েছে তাদের।
রউফা খানমের মতে, এসব উদ্যোগ ছোট মনে হলেও সবাই একসঙ্গে কাজ করলে বড় পরিবর্তন আনা সম্ভব। প্রতিটি স্কুলের কয়েকজন শিক্ষার্থীও যদি পরিবেশ রক্ষায় কাজ করে, তাহলে তা বড় উদ্যোগে পরিণত হতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: গাজীপুর।