"ধরুন, ১৫ থেকে ১৮ বছর বয়সে একটি মেয়ের বিয়ে হয়ে গেল। এ বয়সে তার শারীরিক বৃদ্ধি পুরোপুরি শেষ হয় না।"
Published : 22 Sep 2026, 02:19 PM
বাল্যবিয়ের ফলে একজন কিশোরী নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগতে পারে বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার শান্তা দাস। হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, এই কিশোরী যখন গর্ভধারণ করে তখন তার স্বাস্থ্যঝুঁকি আরও বেড়ে যায়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
হ্যালো: প্রথমেই জানতে চাই, বাল্যবিয়েতে একজন কিশোরীর কী কী শারীরিক ক্ষতি হতে পারে?
শান্তা দাস: বাল্যবিয়ের ফলে মেয়েদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে। ধরুন, ১৫ থেকে ১৮ বছর বয়সে একটি মেয়ের বিয়ে হয়ে গেল। এ বয়সে তার শারীরিক বৃদ্ধি পুরোপুরি শেষ হয় না। ফলে স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে শরীরে গুরুতর আঘাত পাওয়ার আশঙ্কা থাকে। প্রজনন অঙ্গে সংক্রমণ ও সন্তান জন্ম দেওয়ার সময় নানা জটিলতাও দেখা দিতে পারে। এর পাশাপাশি এসব মেয়ের মধ্যে অপুষ্টির সমস্যাও দেখা যায়।
হ্যালো: মানসিক স্বাস্থ্যেও কি প্রভাব ফেলতে পারে?
শান্তা দাস: মানসিক দিক থেকে দেখলে, একটি শিশু তখনও স্কুলে পড়ছে। বিয়ে হয়ে যাওয়ার কারণে তাকে স্কুল থেকে ঝরে পড়তে হয়। এতে সে একাকিত্ব অনুভব করতে পারে এবং নিজেকে গুরুত্বহীন মনে হতে পারে। একই সঙ্গে সংসারের দায়িত্ব তার ওপর এসে পড়ে, অথচ সে এর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে না। বিয়ের পর তারা দাম্পত্য সহিংসতারও শিকার হতে পারে। কারণ, এই বয়সে তারা শারীরিক ও মানসিক কোনোভাবেই দাম্পত্য জীবনের জন্য পুরোপুরি প্রস্তুত থাকে না। (চলবে...)
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: সিলেট।