মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ডিনামাইট দিয়ে ব্রিজটির একটি অংশ ধ্বংস করে দেয়।
Published : 28 Sep 2026, 12:45 PM
সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় সুরমা নদীর ওপর দাঁড়িয়ে আছে ঐতিহাসিক কিন ব্রিজ।
প্রায় এক শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই সেতু শুধু যোগাযোগের মাধ্যম নয়, সিলেটের ইতিহাস ও ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ।
গত শতকের তিরিশের দশকে আসাম প্রদেশের গভর্নর ছিলেন মাইকেল কিন। তার নামানুসারেই সেতুটির নামকরণ করা হয়।
লোহা দিয়ে তৈরি ব্রিজটির আকৃতি ধনুকের মত বাঁকানো। ১৯৩৩ সালে এর নির্মাণকাজ শুরু হয়। তিন বছর পর, ১৯৩৬ সালে এটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ডিনামাইট দিয়ে ব্রিজটির একটি অংশ ধ্বংস করে দেয়। স্বাধীনতার পর প্রথমে অস্থায়ীভাবে মেরামত করা হয়। পরে ১৯৭৭ সালে কংক্রিট দিয়ে ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ করা হয় এবং আবার যান চলাচল শুরু হয়।
সর্বশেষ ২০২৩ সালে সংস্কারের পর সেতুটি যানবাহনের জন্য বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এটি শুধু পথচারীদের জন্য উন্মুক্ত।
বিকেলের দিকে কিন ব্রিজ ও এর আশপাশের পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। কেউ নদীর সৌন্দর্য উপভোগ করেন, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দেন।
সন্ধ্যার পর অনেক সময় দেখা যায় গিটার কিংবা দোতারা নিয়ে লোকগানের ছোট ছোট আয়োজন।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিলেট।