বস্তির অনেক বাসিন্দার কাছে গুলশান-১ যাওয়ার সবচেয়ে সহজ ও সাশ্রয়ী পথ এটি।
Published : 28 Sep 2026, 02:15 PM
রাজধানীর গুলশান, বনানী ও মহাখালীর মাঝখানে গড়ে ওঠা কড়াইল বস্তিকে তিন দিক থেকে ঘিরে রেখেছে গুলশান-বনানী লেক। এখানেই চলাচল করে ছোট ছোট খেয়ানৌকা। লেকে চলা এসব নৌকা প্রতিদিন পারাপার করায় শত শত মানুষকে।
বস্তির অনেক বাসিন্দার কাছে গুলশান-১ যাওয়ার সবচেয়ে সহজ ও সাশ্রয়ী পথ এটি। মাত্র ১০ টাকা ভাড়ায় কয়েক মিনিটেই লেক পার হওয়া যায়।
বছরের পর বছর ধরে কড়াইল বস্তিরই কয়েকজন মাঝি এসব নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তবে নৌকার মালিক তারা নন। মালিকের সঙ্গে চুক্তিতে নৌকা চালান, আর ঘাটের দুই পাশে থাকা কর্মীরা যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করেন।
চারদিকে উঁচু ভবন আর ব্যস্ত সড়কের শহর ঢাকা। সেই শহরের মাঝেই গুলশান লেকের এই নৌপথ যেন ভিন্ন এক দৃশ্য।
প্রতিদিন অসংখ্য মানুষের পথচলাকে সহজ করে দেওয়া এই নৌকাগুলো শুধু এক পাড় থেকে আরেক পাড়ে মানুষ পৌঁছে দেয় না, অভিজাত এলাকা ও বস্তির দুই ভিন্ন জীবনের মধ্যেও তৈরি করে এক নীরব সংযোগ।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।