ঘোড়ার দৌড়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর চার ধরনের স্বাভাবিক চলন হাঁটা, ট্রট, ক্যান্টার এবং গ্যালপ।
Published : 28 Sep 2026, 02:00 PM
ঘোড়া পৃথিবীর দ্রুততম স্থলচর প্রাণীদের একটি। কিছু ঘোড়া ঘণ্টায় ৭০ কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে। কিন্তু কী কারণে তারা এত দ্রুত দৌড়াতে পারে?
পশুচিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক গ্রন্থ মার্ক ভেটেরিনারি ম্যানুয়াল বলছে, ঘোড়ার শরীরই তৈরি হয়েছে দ্রুত দৌড়ানোর জন্য। এর পায়ের ওপরের অংশে থাকে শক্তিশালী পেশি, আর নিচের অংশে থাকে লম্বা টেনডন, যা অনেকটা স্প্রিংয়ের মত কাজ করে। এতে প্রতিটি পদক্ষেপে শক্তির অপচয় কম হয় এবং ঘোড়া আরও দক্ষভাবে সামনে এগিয়ে যেতে পারে।
এই ব্যাখ্যাকে আরও শক্তিশালী করেছে নেচার সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা। গবেষকেরা দেখেছেন, ঘোড়ার পায়ের টেনডন প্রতিটি পদক্ষেপে শক্তি জমা রাখে এবং পরের ধাপে সেই শক্তির একটি অংশ আবার ফিরিয়ে দেয়। ফলে পেশিকে প্রতিবার নতুন করে সমান পরিমাণ শক্তি ব্যয় করতে হয় না।
ঘোড়ার দৌড়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর চার ধরনের স্বাভাবিক চলন হাঁটা, ট্রট, ক্যান্টার এবং গ্যালপ। এর মধ্যে গ্যালপ হল সবচেয়ে দ্রুতগতির চলন। এই সময় ঘোড়ার শরীরের এমন একটি মুহূর্ত আসে, যখন চারটি পায়ের কোনোটিই মাটিতে থাকে না।
অর্থাৎ, শুধু শক্তিশালী পেশিই নয় স্প্রিংয়ের মতো কাজ করা টেনডন, বিশেষ অস্থি-পেশির গঠন এবং দৌড়ানোর স্বাভাবিক কৌশল ঘোড়াকে পৃথিবীর অন্যতম দ্রুতগতির প্রাণীতে পরিণত করেছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।