টেক্সট ক্যাটাগরিতে ১৮ বছর ও তদুর্ধ্ব বয়সীদের জন্য আটটি বিষয় নির্ধারণ করা হয়েছে।
Published : 15 Sep 2026, 08:34 PM
মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৬ এর আবেদন গ্রহণ শুরু হয়েছে।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা- ইউনিসেফ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছে।
শিশু অধিকারের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকতার উৎকর্ষতাকে স্বীকৃতি দিয়ে থাকে এই পুরস্কার।
ইউনিসেফ জানিয়েছে, দুটি বিভাগে আবেদন গ্রহণ করা হচ্ছে। প্রথমটি ১৮ ও তার তদূর্ধ্বদের জন্য এবং দ্বিতীয়টি ১৮ বছরের কম বয়সীদের জন্য।
প্রতি বিভাগেই থাকছে তিনটি ক্যাটাগরি। টেক্সট (প্রিন্ট বা অনলাইন), ফটোগ্রাফি (প্রিন্ট বা অনলাইন) ও ভিডিও (টিভি বা অনলাইন)। প্রতিটি ক্যাটাগরির জন্যই প্রতিবেদনের বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
টেক্সট ক্যাটাগরিতে ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্য আটটি বিষয় নির্ধারণ করা হয়েছে। তবে শিশু অধিকার নিয়ে করা যে কোনো প্রতিবেদনই জমা দেওয়া যাবে।
অন্যদিকে ফটোগ্রাফি ও ভিডিও ক্যাটাগরিতে এই বয়সীদের জন্য নির্ধারিত বিষয় হল- শিশু অধিকার। এই বিষয়টিই আবার ১৮ বছরের কম বয়সীদের সব ক্যাটাগরির জন্য নির্ধারণ করা হয়েছে।
পুরস্কার হিসেবে এবার মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস (১৮ বছর ও তদূর্ধ্ব) বিজয়ীদের জন্য ঘোষণা করা হয়েছে এক লাখ টাকা এবং একটি ক্রেস্ট। আর বিজয়ী শিশুদের জন্য থাকছে ৫০ হাজার টাকা এবং একটি ক্রেস্ট। তাছাড়া মনোনীত প্রত্যেকেই পাবে সনদপত্র।
তবে দীর্ঘ ভিডিওর ক্ষেত্রে প্রতিবেদকের পাশাপাশি ভিডিও সাংবাদিকের জন্যও পুরস্কার ঘোষণা করা হয়েছে।
আবেদনের শর্ত হিসেবে ইউনিসেফ জানিয়েছে, লেখা, ছবি বা ভিডিও ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩০ অগাস্ট ২০২৬-এর মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমে বাংলা বা ইংরেজিতে প্রকাশিত হতে হবে। এছাড়া আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
এতে আরও বলা হয়েছে, প্রতিবেদনটি সাংবাদিকতার নৈতিকতা মেনে তৈরি হতে হবে। কোনো শিশুর মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে কিংবা শিশুকে কোনো ঝুঁকির মুখে ফেলা হয়েছে এমন প্রতিবেদন গ্রহণ করা হবে না।
প্রতিবেদনের মূল কপি ও প্রকাশনার প্রমাণসহ অনলাইনে আবেদন করতে হবে। একজন ব্যক্তি বা দল প্রতি ক্যাটাগরিতে সর্বোচ্চ তিনটি আবেদন করতে পারবে।
ইউনিসেফের ওয়েবসাইট meenamedia.unicefbd.org এর মাধ্যমে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।