স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিশুদের নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে বিবেচনা না করেই পার্কটি নির্মাণ করা হয়েছে।
Published : 12 Sep 2026, 04:14 PM
নীলফামারীর ডোমারে দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ শিশু পার্ক নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। তবে এখনো সে দাবি বাস্তবায়ন হয়নি।
এরই মধ্যে শিশুদের বিনোদনের জন্য ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একটি মিনি শিশু পার্ক নির্মাণ করা হয়েছে। তবে পরিকল্পনার অভাবে সেটিই এখন শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, মাঠের ফুটবল গোলপোস্টের ঠিক পেছনে বসানো হয়েছে দোলনাসহ শিশুদের বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম। ফলে মাঠে ফুটবল খেলার সময় বল এসে পার্কে থাকা শিশুদের আঘাত করার পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঝুঁকিও তৈরি হচ্ছে।
আকাশ ইসলাম নামের স্থানীয় এক তরুণ হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোলপোস্টের ঠিক পেছনেই শিশুপার্ক। এতে যে কোনো সময় শিশুরা আহত হওয়ার আশঙ্কা থাকে।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিশুদের নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে বিবেচনা না করেই পার্কটি নির্মাণ করা হয়েছে। তাই দ্রুত এটিকে নিরাপদ স্থানে স্থানান্তর অথবা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।
রেদওয়ানুল আমিন রিফাত নামের এক তরুণ বলেন, “এর আগেও ফুটবলের আঘাতে পার্কে আসা এক শিশু আহত হয়েছে। পার্কটি অন্য জায়গায় তৈরি করা হোক বা এখানে নিরাপত্তাবলয় তৈরি করা হোক।”
এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, “শিশুদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মিনি শিশু পার্কটি অন্যত্র স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে আলোচনা করা হয়েছে।”
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নীলফামারী।