কয়েক সেকেন্ড পর বুঝলাম, সত্যিই আমার নামই বলা হয়েছে।
Published : 14 Sep 2026, 05:19 PM
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শুনলেই সাধারণত মনে হয়, যারা পরীক্ষায় ভালো ফল করেছে, তাদের সম্মাননা দেওয়ার অনুষ্ঠান। তাই সেদিন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অনুষ্ঠানে গিয়ে ভাবিনি, আমিও এই সংবর্ধনা পাব।
মঞ্চ থেকে একে একে শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হচ্ছিল। আমি তখন দর্শকসারিতে বসে অনুষ্ঠান দেখছিলাম। হঠাৎ মঞ্চ থেকে উপস্থাপক আমার নাম ঘোষণা করলেন। প্রথমে বুঝতেই পারিনি নামটি আমার কিনা!
কয়েক সেকেন্ড পর বুঝলাম, সত্যিই আমার নামই বলা হয়েছে। মুহূর্তেই অবাক হয়ে গেলাম। মনে হচ্ছিল, হয়ত ভুল শুনেছি। পরে যখন নিশ্চিত হলাম, তখন খুবই উচ্ছ্বাস কাজ করছিল।
এরপর মঞ্চে উঠে সম্মাননা গ্রহণ করলাম। পরে জানতে পারি শুধু পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নয়, কলেজের বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখা শিক্ষার্থীদেরও এই সংবর্ধনা দেওয়া হয়েছে।
পুরস্কারটি হাতে নেওয়ার সময় মনে হচ্ছিল, কলেজের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া, প্রতিযোগিতায় যুক্ত হওয়া কিংবা নানা কার্যক্রমে থাকার চেষ্টাগুলো শিক্ষকদের নজর এড়ায়নি। আমার ছোট ছোট কাজেরও যে মূল্য আছে, এই সম্মাননা আমাকে সেই অনুভূতি দিয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিলেট।