এই শিক্ষক বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বাল্যবিয়ের মত সামাজিক সমস্যাগুলো মোকাবিলা করতে হবে।
Published : 24 Sep 2026, 12:45 PM
দারিদ্র্য ও অসচেতনতার পাশাপাশি জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনের প্রভাবও বাল্যবিয়ের ঝুঁকি বাড়ায় বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।
সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি নিয়ে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ওই অঞ্চলের কিছু গ্রামে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়।
তার ভাষ্য, "জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনের কারণে মেয়েদের গায়ের রং বা ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে, এমন একটি ধারণা কিছু পরিবারের মধ্যে রয়েছে। এ কারণে বাবা-মা মেয়েদের যত দ্রুত সম্ভব বিয়ে দেওয়ার চেষ্টা করেন।"
অর্থনৈতিক দুর্বলতাকেও বাল্যবিয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। তার মতে, নিম্ন আয়ের পরিবারগুলো মেয়েদের পড়াশোনার খরচ বহন করা নিয়ে চিন্তিত থাকে। পাশাপাশি সমাজে প্রচলিত যৌতুক ব্যবস্থার কারণে কম বয়সে মেয়েকে বিয়ে দিলে যৌতুকের বোঝা কম হবে, এমন ধারণাও কিছু পরিবারের মধ্যে কাজ করে।
টেকসই উন্নয়নের পথে বাল্যবিয়ে একটি অন্তরায় উল্লখে করে এই শিক্ষক বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বাল্যবিয়ের মত সামাজিক সমস্যাগুলো মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, এ ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন। পাঠ্যক্রমে কীভাবে নারীদের সমাজ ও উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা যায়, সে বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে।
নারীদের কর্মক্ষেত্র, অর্থনৈতিক কর্মকাণ্ড, নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সমাজের বিভিন্ন সমস্যা অনেকাংশে কমে আসবে এবং দেশ আরও এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: সিলেট।