মেয়েকে লেখাপড়া শিখিয়ে নিজের পায়ে দাঁড় করানোর স্বপ্ন দেখেন তিনি।
Published : 26 Sep 2026, 10:15 PM
বয়স ১৮ পেরোনোর আগেই কোলে তিন বছরের কন্যা সন্তান। বাল্যবিয়ের শিকার রংপুরের এই তরুণীর দুশ্চিন্তা এখন সন্তানের ভবিষ্যৎ নিয়ে।
অষ্টম শ্রেণি পাস করে নবম শ্রেণিতে উঠলেও ক্লাস শুরু হওয়ার আগেই তার বিয়ে হয়ে যায়। পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও বাল্যবিয়ের কারণে থেমে যায় তার শিক্ষাজীবন। বই খাতা ছেড়ে অল্প বয়সেই তাকে সংসারের দায়িত্ব নিতে হয়।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ছোটবেলায় তার স্বপ্ন ছিল আরও পড়াশোনা করার। কিন্তু পরিবারের সিদ্ধান্তের কাছে তার মতামতের কোনো গুরুত্ব ছিল না। বিয়ের পর ধীরে ধীরে দূরে সরে যেতে হয় স্কুল ও বন্ধুদের কাছ থেকেও।
এখন তিনি চান, তার মেয়ের জীবন যেন ভিন্ন হয়। মেয়েকে লেখাপড়া শিখিয়ে নিজের পায়ে দাঁড় করানোর স্বপ্ন দেখেন তিনি।
তবে একই সঙ্গে শঙ্কাও প্রকাশ করেন এই তরুণী।
তার ভাষ্য, "সমাজে এখনও অনেকক্ষেত্রে মেয়েদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না।"
তাই ভবিষ্যতে তার মেয়েকেও বাল্যবিয়ের চাপের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
তার মতে, বাল্যবিয়ে শুধু একটি মেয়ের পড়াশোনাই থামিয়ে দেয় না, কেড়ে নেয় তার স্বপ্ন, স্বাধীনতা এবং নিজের মত করে জীবন গড়ার সুযোগও।
প্রতিবেদকের বয়স: ১০। জেলা: রংপুর।