সহকর্মীরা অজ্ঞান অবস্থায় ওই কিশোরকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Published : 21 Sep 2026, 04:27 PM
রাজধানীর বাড্ডার আফতাবনগরে একটি নির্মাণাধীন ভবনে স্যানিটারি কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে আফতাবনগরের এফ ব্লকের একটি নির্মানাধীন ভবনের আটতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নিহাম (১৫) চাঁদপুর সদর উপজেলার উত্তর নানুপুর মিয়াজী বাড়ি গ্রামের চান মিয়া গাজীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে বাড্ডার আফতাবনগর এফ-ব্লকের পাসপোর্ট অফিস এলাকায় থাকতেন। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।
নিহতের সহকর্মী আল-আমিন বলেন, তারা ভবনটির আটতলায় স্যানিটারির কাজ করছিলেন। কাজের একপর্যায়ে তিনি নিচে নামেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন সহকর্মীরা নিহামকে অচেতন অবস্থায় নিচে নামিয়ে আনছেন। তারা বলেছে, কাজ করার সময় হঠাৎ নিহাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। দুপুরের দিকে চিকিৎসক নিহামকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।