পাঁচতলার ছাদে রড তোলার ভবনের পাশের হাইভোল্টেজ বিদ্যুতের তারে জড়িয়ে যান তারা।
Published : 21 Sep 2026, 04:49 PM
কিশোরগঞ্জ শহরে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার দুপুরে শহরের পুরাতন থানা এলাকায় আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভূঞা।
নিহতরা হলেন- সদর উপজেলার চৌদ্দশত জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার সাব্বির (২৫)।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচতলার ছাদে নির্মাণকাজ চলাকালে নিচ থেকে উপরে রড তুলছিলেন কয়েক শ্রমিক। এ সময় রড ভবনের পাশের হাইভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি আবুল কালাম।