নিহতের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি; তার পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও মেরুন রঙের ট্রাউজার।
Published : 20 Sep 2026, 01:47 AM
পুরান ঢাকার বংশাল কসাইটুলি এলাকার সড়ক থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবককে দুই পা ভাঙা ও মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
শনিবার রাত ১২টার দিকে তাকে উদ্ধার করে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান।
তিনি বলেন, নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া তানভীর হোসেন নামে এক পথচারী বলেন, রিকশায় যাওয়ার সময় কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারের মোড়ে ওই যুবককে পড়ে থাকতে দেখেন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এটি হত্যাকাণ্ড, দুর্ঘটনা, নাকি আত্মহত্যা এ বিষয়ে কেউ কোনো তথ্য দিতে পারেননি।
ওই যুবকের পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও মেরুন রঙের ট্রাউজার।