বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হলে আমি প্রথমেই তার সঙ্গে খোলামেলা কথা বলার চেষ্টা করি।
Published : 27 Oct 2026, 07:30 PM
বন্ধুদের সঙ্গে আমরা আনন্দ ভাগ করে নিই, দুঃখের কথা বলি এবং একে অপরের পাশে থাকি। তবে কখনো কখনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। এমন পরিস্থিতিতে রাগ করে দূরে সরে না গিয়ে সমস্যাটি সমাধানের চেষ্টা করা জরুরি।
বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হলে আমি প্রথমেই তার সঙ্গে খোলামেলা কথা বলার চেষ্টা করি। অনেক সময় কোনো কথা ঠিকভাবে না বোঝার কারণে আমাদের মধ্যে ভুল ধারণা তৈরি হয়।
তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে বন্ধুর কথাও মনোযোগ দিয়ে শোনা উচিত। রাগের সময় কথা বললে সমস্যা আরও বাড়তে পারে। তাই প্রয়োজনে কিছুটা সময় নিয়ে শান্তভাবে কথা বলা ভালো।
কোনো ভুলের জন্য আমি দায়ী হলে তা স্বীকার করে ক্ষমা চাইতে দ্বিধা করি না। একইভাবে বন্ধুর ভুল হলেও তাকে ক্ষমা করার চেষ্টা করি। তবে বন্ধুত্ব টিকিয়ে রাখতে দুজনেরই একে অপরের অনুভূতি ও মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আমরা চাই, বন্ধুত্বের সম্পর্কে বিশ্বাস, বোঝাপড়া ও শ্রদ্ধা বজায় থাকুক। ভুল বোঝাবুঝি হলেই যেন কেউ সম্পর্ক ভেঙে না দেয়। বরং একে অপরের কথা শোনা ও বোঝার চেষ্টা করি। আমার বিশ্বাস, এভাবে সমস্যার সমাধান করলে বন্ধুত্ব আরও দৃঢ় হয়।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কুড়িগ্রাম।