একবার গ্রামে বেড়াতে গিয়ে আমাদের পরিচিত একজনকে হঠাৎ অসুস্থ হতে দেখি।
Published : 11 Oct 2026, 02:20 PM
আমি রাঙামাটি শহরে থাকি। তবে আমার গ্রামের বাড়ি জেলার বাঘাইছড়ি উপজেলার মরিশ্যা ইউনিয়নে। একবার গ্রামে বেড়াতে গিয়ে আমাদের পরিচিত একজনকে হঠাৎ অসুস্থ হতে দেখি। কাছাকাছি পর্যাপ্ত চিকিৎসাকেন্দ্র না থাকায় তাকে অনেক দূরের হাসপাতালে নিয়ে যেতে হয়।
দুর্গম পাহাড়ি রাস্তা ও যাতায়াতের সমস্যার কারণে হাসপাতালে পৌঁছাতে অনেক সময় লেগেছিল। হাসপাতালে যাওয়ার পরও প্রয়োজনীয় চিকিৎসক ও সব ধরনের ওষুধ সহজে পাওয়া যায়নি। এতে তার পরিবারকে অনেক দুশ্চিন্তা ও কষ্টের মধ্যে পড়তে হয়।
এই ঘটনা থেকে বুঝতে পেরেছি, পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবার সংকট মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে। দুর্গম এলাকায় পর্যাপ্ত হাসপাতাল, চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা নেই। কেউ হঠাৎ অসুস্থ হলে তাকে অনেক দূরের উপজেলা বা জেলা শহরে যেতে হয়।
বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য এই সমস্যা আরও কষ্টের। বর্ষাকালে পাহাড়ি রাস্তা কাদাময় ও দুর্গম হয়ে পড়ায় চিকিৎসা নিতে যাওয়ার সমস্যা আরও বেড়ে যায়। জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য পর্যাপ্ত যানবাহনেরও অভাব রয়েছে।
আমার মতে, পাহাড়ি মানুষের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে দুর্গম এলাকায় আরও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা প্রয়োজন। এ বিষয়ে সরকারসহ সব ধরনের সংস্থাকে এগিয়ে আসতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: রাঙামাটি।