নিউ বেইলি রোডের ২৫ নম্বর বাড়ির সামনের কয়েকটি গাছে এসব পাখিদের বাসা দেখতে পাই।
Published : 30 Sep 2026, 04:55 PM
কয়েক মাস আগে রাজধানীর ব্যস্ত বেইলি রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ পাখির কিচিরমিচির শুনতে পেলাম। গাড়ির শব্দ আর মানুষের কোলাহলের মধ্যে এমন দৃশ্য দেখে আমার বেশ ভালো লাগল।
নিউ বেইলি রোডের ২৫ নম্বর বাড়ির সামনের কয়েকটি গাছে এসব পাখিদের বাসা দেখতে পাই। গাছগুলোর ডালে ডালে পাখিগুলো ঘুরে বেড়াচ্ছিল। কেউ কেউ সেখানে দাঁড়িয়ে পাখিদের দেখছিলেন, আবার কেউ ছবি ও ভিডিও করছিলেন।
স্থানীয়দের কাছে জানতে পারলাম, দীর্ঘদিন ধরেই এই গাছগুলোতে পাখিদের আনাগোনা রয়েছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় তাদের কিচিরমিচিরে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
কংক্রিটের এই শহরে গাছের সবুজ পাতার আড়ালে পাখিদের এমন আশ্রয় দেখে আমার মনে হল, শহরের ব্যস্ততার মধ্যেও প্রকৃতির জন্য একটু জায়গা রাখা কতটা জরুরি।
আমার মনে হয়, পাখিদের জন্য এমন নিরাপদ আশ্রয় টিকিয়ে রাখতে আমাদের গাছপালা রক্ষা করতে হবে। শহরে আরও গাছ থাকলে পাখিরাও হয়ত আমাদের চারপাশে আরও বেশি করে ফিরে আসবে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।