আমার মতে, শিশুশ্রমের অন্যতম কারণ দারিদ্র্য। পরিবারের আর্থিক সংকটের কারণে অনেক শিশুকে উপার্জনে যুক্ত হতে হয়।
Published : 14 Oct 2026, 03:00 PM
যে বয়সে শিশুর কাঁধে থাকার কথা স্কুলব্যাগ, হাতে থাকার কথা বই, সেই বয়সেই অনেক শিশুকে জীবিকার তাগিদে কাজে নামতে হয়। কাজ করতে গিয়ে তারা স্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকিতে পড়ে। ব্যাহত হয় পড়াশোনা, খেলাধুলা ও স্বাভাবিক বিকাশের সুযোগ।
আমার মতে, শিশুশ্রমের অন্যতম কারণ দারিদ্র্য। পরিবারের আর্থিক সংকটের কারণে অনেক শিশুকে উপার্জনে যুক্ত হতে হয়। কেউ কেউ কাজের জন্য পড়াশোনাও ছেড়ে দেয়। অন্যদিকে, কম মজুরিতে শিশুদের দিয়ে কাজ করানোর প্রবণতাও শিশুশ্রমের অন্যতম কারণ।
শিশুর স্বাভাবিক বিকাশের জন্য শিক্ষা, খেলাধুলা ও নিরাপদ পরিবেশ প্রয়োজন। কিন্তু দীর্ঘ সময় কাজ করলে পড়াশোনার ক্ষতি হতে পারে। ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করলে স্বাস্থ্য ও নিরাপত্তাও হুমকির মুখে পড়ে। এতে শিশুরা শৈশবের আনন্দ ও বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়।
শিশুশ্রম শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সংকটও। আন্তর্জাতিক শ্রম সংস্থা ও ইউনিসেফের ২০২৫ সালের যৌথ হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে প্রায় ১৩ কোটি ৮০ লাখ শিশু শিশুশ্রমে যুক্ত ছিল। তাদের মধ্যে প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশু এমন কাজে নিয়োজিত ছিল যা তাদের স্বাস্থ্য, নিরাপত্তা বা বিকাশের জন্য ক্ষতিকর।
শিশুশ্রম বন্ধে দরিদ্র পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের শিক্ষার সুযোগ বাড়ানো এবং শ্রম আইন কার্যকর করা জরুরি। পাশাপাশি পরিবার, নিয়োগকর্তা ও সমাজের সবাইকে শিশুদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। প্রতিটি শিশুরই নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, শেখা ও নিজের সম্ভাবনা বিকাশের সুযোগ পাওয়া প্রয়োজন।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সিলেট।