বন্ধুর ভুল ধরিয়ে দেওয়া আর তাকে অপমান করা এক বিষয় নয়।
Published : 01 Nov 2026, 04:30 PM
ক্লাসে কেউ ভুল উত্তর দিলেই হাসির রোল পড়ে যায়। কেউ তোতলালে, পড়া বুঝতে দেরি হলে কিংবা শারীরিক গঠনে অন্যদের চেয়ে আলাদা হলে তাকে নিয়ে চলে ঠাট্টা।
যারা হাসে, তাদের কাছে বিষয়টি হয়ত নিছক মজা। কিন্তু যার সঙ্গে এমনটা ঘটে, তার নিশ্চয়ই খারাপ লাগে।
আমাদের সবারই কিছু না কিছু দুর্বলতা থাকে। সবাই সব বিষয়ে সমান দক্ষ হবে এমন কোনো কথা নেই। তাই বন্ধুর কোনো দুর্বলতা নিয়ে তাকে ছোট করা বা অন্যদের সামনে বিব্রত করা উচিত নয় বলে আমি মনে করি।
যুক্তরাষ্ট্রের সরকারি উদ্যোগে পরিচালিত ‘স্টপবুলিং ডট গভ’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কাউকে নিয়ে বিদ্রূপ করা, অপমানজনক নামে ডাকা এবং সবার সামনে বিব্রত করা মৌখিক বা সামাজিক বুলিংয়ের অংশ হতে পারে।
এমন আচরণ বারবার ঘটলে তা শিশুর মনে একাকিত্ব ও অসহায়ত্ব তৈরি করতে পারে। তাই বন্ধুর সঙ্গে মজা করার আগে ভাবতে হবে সেই মজায় সেও আনন্দ পাচ্ছে কি না।
বন্ধুর ভুল ধরিয়ে দেওয়া আর তাকে অপমান করা এক বিষয় নয়। কেউ পড়া বুঝতে না পারলে তাকে বুঝিয়ে দেওয়া যায়। কোনো কাজে ভুল করলে হাসাহাসি না করে সাহায্য করা যায়।
আমার মতে আমাদের সবার এটা মনে রাখা উচিত, আজ যাকে নিয়ে আমরা হাসছি, কাল আমরাও কোনো বিষয়ে অন্যের সাহায্য চাইতে পারি। তাই কখনোই কাউকে নিয়ে হাসাহাসি বা মজা করা উচিত নয়।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।