টানা বৃষ্টি হলে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। তখন পাহাড়ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, মানুষও বিপদে পড়ে।
Published : 30 Sep 2026, 05:10 PM
রাঙামাটিতে বর্ষার সময় পাহাড়ধসের খবর প্রায়ই শোনা যায়। বিশেষ করে গ্রামের দিকে ঢালু পাহাড়ের পাশে বা নদীর পাড়ে যারা ঘর বানিয়ে থাকে, তারা বেশি ঝুঁকিতে থাকে।
টানা বৃষ্টি হলে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। তখন পাহাড়ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, মানুষও বিপদে পড়ে।
আমি এসব ঘটনা অনেক সময় মানুষের মুখে শুনেছি। আবার নিজ জেলায় এমন কিছু ঘটলে মোবাইল ফোনেও দেখেছি। এসব খবর দেখলে আমার খুবই খারাপ লাগে।
কারণ সেখানে শিশুদেরও থাকতে হয়। অনেক সময় তারা কীভাবে নিরাপদে থাকবে, সেটাও বুঝতে পারে না। আবার কিছু পরিবার হয়ত ঝুঁকির জায়গায় থাকলেও আগে থেকে সতর্ক থাকে না।
আমার মনে হয়, ঘর বানানোর আগে জায়গাটা নিরাপদ কি না, সেটা সম্পর্কে একটু জানা দরকার। ঢালু পাহাড়ের একেবারে পাশে বা ঝুঁকিপূর্ণ জায়গায় ঘর না বানিয়ে নিরাপদ জায়গা বেছে নেওয়া উচিত। আর দুর্যোগ হলে কী করতে হবে, কোথায় যেতে হবে, সেটাও আগে থেকে জানা দরকার।
শুধু বিপদ হওয়ার পর সাহায্য করলে হবে না। ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে আগে থেকেই সতর্ক করতে হবে। শিশুদেরও সহজ করে বলতে হবে, বিপদ হলে কী করবে এবং কার কাছে যাবে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: রাঙামাটি।