অন্য সহপাঠীদের সঙ্গে কথা বলে জেনেছি, এ সময় স্কুলে থাকতে তাদের অস্বস্তি হয়।
Published : 29 Sep 2026, 06:15 PM
আমাদের স্কুলের অনেক মেয়েই মাসিকের সময় নানা সমস্যায় পড়ে। পরিচ্ছন্ন ওয়াশরুম এবং মাসিকের সময় প্রয়োজনীয় উপকরণের অভাবে অনেকেই এ সময় স্কুলে যেতে অস্বস্তি বোধ করে।
আমার এক সহপাঠী খুব মেধাবী। কিন্তু মাসিকের সময় নানা সমস্যার কারণে সে প্রতি মাসে কয়েকদিন করে স্কুলে অনুপস্থিত থাকে।
অন্য সহপাঠীদের সঙ্গে কথা বলে জেনেছি, এ সময় স্কুলে থাকতে তাদের অস্বস্তি হয়। অনেকের স্কুলে হঠাৎ মাসিক শুরু হলে ছুটি নিয়ে বাসায় চলে যেতে হয়। শুধু আমার কয়েকজন সহপাঠী নয়, স্কুলের অনেক মেয়ের অভিজ্ঞতা একই রকম।
আমার মতে, মাসিকের সময় মেয়েদের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা সব স্কুলেই থাকা উচিত। বিশেষ করে পরিচ্ছন্ন ওয়াশরুম, পানি, সাবান এবং জরুরি প্যাডের ব্যবস্থা থাকা দরকার।
আরেকটি বিষয় আমাকে খুব কষ্ট দেয়, ক্লাসে মাসিক সংক্রান্ত অধ্যায় পড়ানোর সময় কিছু ছেলে সহপাঠী হাসাহাসি ও ঠাট্টা করে। তারা হয়ত বোঝে না যে, এটি মেয়েদের একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এ বিষয়ে তাদেরও সচেতন ও সংবেদনশীল হওয়া প্রয়োজন।
মাসিকের কারণে কোনো মেয়ে স্কুলে আসতে না পারলে তার পড়াশোনার ক্ষতি হয়। তাই বিষয়টিকে লজ্জা বা সংকোচের নয়, স্বাস্থ্য ও অধিকারের বিষয় হিসেবে দেখা উচিত।
আমি মনে করি, সব স্কুলে মেয়েদের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা গেলে মেয়েরা নিশ্চিন্তে ক্লাস করতে পারবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নারায়ণগঞ্জ।