আমার মনে হয়, একজন শিক্ষকের উচিত প্রথমেই শিক্ষার্থীদের কথা মন দিয়ে শুনবেন।
Published : 30 Sep 2026, 08:10 PM
বাবা-মায়ের পর একজন শিক্ষকই আমাদের পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়ার পথ দেখান। তাই আমার কাছে তিনিই প্রিয় শিক্ষক যিনি শুধু বইয়ের পড়া শেখান না, পাশাপাশি শিক্ষার্থীদের বুঝতে ও তাদের পাশে থাকতে জানেন।
আমার মনে হয়, একজন শিক্ষকের উচিত প্রথমেই শিক্ষার্থীদের কথা মন দিয়ে শুনবেন। কোনো বিষয় বুঝতে না পারলে একজন শিক্ষার্থীকে বকা না দিয়ে আবার বুঝিয়ে বলবেন। কারণ একই বিষয় সবাই একইভাবে বুঝতে পারে না।
একজন ভালো শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে কোনো পার্থক্য করবেন না। কেউ পড়াশোনায় ভালো, কেউ হয়ত খেলাধুলা বা ছবি আঁকায় ভালো। প্রত্যেকের আলাদা প্রতিভা আছে। শিক্ষক যদি সেই প্রতিভা খুঁজে বের করতে সাহায্য করেন, তাহলে একজন শিক্ষার্থী নিজের প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে।
শিক্ষকের আচরণও শিক্ষার্থীদের ওপর অনেক প্রভাব ফেলে। একজন শিক্ষক যদি শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন, তাহলে তারাও নিজেদের সমস্যা সহজে বলতে পারে। এতে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়।
আমার কাছে শিক্ষক মানে এমন একজন মানুষ, যাকে শুধু শ্রেণিকক্ষেই নয়, প্রয়োজনের সময়ও পাশে পাওয়া যায়। তিনি ভুল করলে শুধরে দেন, ভালো কাজ করলে উৎসাহ দেন এবং নিজের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যেতে সাহস দেন।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।