"শুধু মনে মনে ভেবেছিলাম, একদিন যেন আমি সেই যোগ্যতা অর্জন করতে পারি।"
Published : 03 Oct 2026, 01:34 AM
হ্যালোর শিশু সাংবাদিক হিসেবে আমার পথচলা শুরু ২০১৯ সালে। আমার লেখালেখির প্রতি আগ্রহ বাড়াতে হ্যালো আমাকে অনেক উৎসাহ দিয়েছে, শিশুদের নিয়ে ভাবতে শিখিয়েছে, নিজ অধিকার সম্পর্কে আমাকে সচেতন করেছে।
শিশুদের জন্য চমৎকার এই প্ল্যাটফর্মটি পরিচালনা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। আর এর পেছনের অন্যতম কারিগর ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে।
শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যুর খবর শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। কিছু সময়ের জন্য যেন থমকে গিয়েছিলাম।
তৌফিক ভাই কত ঝড় সামলেছেন, কিন্তু বিডিনিউজ টোয়েন্টিফোরের পথচলা থামতে দেননি।
প্রতিষ্ঠানের সবাই তাকে ভাই বলে সম্বোধন করে। আমরা ছোটরাও ভাই বলে ডেকেছি। বাবার বয়সী একজন মানুষকে অনায়াসে ভাই বলা যায়, তার বন্ধু হওয়া যায় এটা আমি প্রথম দেখেছি।
এই তো এই মাসেই বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী। এর আগে এক প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান কার্যালয়ে যাওয়ার সুযোগ হয়েছিল আমার।
বিডিনিউজ টোয়েন্টিফোর আর আমার জন্মদিন একই দিনে। এটা তৌফিক ভাই জানার পর আমাকে নিয়ে কেক কেটেছিলেন। আমার মত ছোট একটি শিশুর জন্য সেই মুহূর্ত কতটা আনন্দের ছিল, তা লিখে বোঝাতে পারব না।
সেদিন তৌফিক ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন, বড় হয়ে বিডিনিউজে কাজ করব কি না। আমি কোনো উত্তর দিতে পারিনি। এত বড় একজন মানুষ আমার মত এত ছোট একজন শিশুকে এমন একটা কথা বলছেন, এটাই তখন আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল। শুধু মনে মনে ভেবেছিলাম, একদিন যেন আমি সেই যোগ্যতা অর্জন করতে পারি।
তৌফিক ভাই, যেখানেই থাকুন, ভালো থাকুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যেন আপনার স্বপ্নগুলো এগিয়ে নিয়ে যেতে পারে, এই প্রত্যাশাই রইল।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।