আমি মনে করি, প্রতিটি বিদ্যালয়ে মেয়েদের জন্য আলাদা, নিরাপদ ও পরিচ্ছন্ন শৌচাগার থাকা উচিত।
Published : 28 Oct 2026, 05:50 PM
বিদ্যালয়ে নিরাপদ ও পরিচ্ছন্ন শৌচাগার এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয় সরঞ্জাম থাকা প্রতিটি শিক্ষার্থীর সুস্থতা ও স্বাচ্ছন্দ্যের জন্য জরুরি।
বিশেষ করে কিশোরীদের মাসিকের সময় স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করা প্রয়োজন। এসব সুবিধা না থাকলে অনেক মেয়েকে বিদ্যালয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এমনকি মাসিকের সময় বিদ্যালয়ে যাওয়া নিয়েও দুশ্চিন্তায় পড়তে হয়।
আমি মনে করি, প্রতিটি বিদ্যালয়ে মেয়েদের জন্য আলাদা, নিরাপদ ও পরিচ্ছন্ন শৌচাগার থাকা উচিত। সেখানে নিয়মিত পানির ব্যবস্থা, জীবাণুনাশক এবং ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে হবে।
পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে স্যানিটারি প্যাডসহ মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয় সরঞ্জাম রাখতে হবে যাতে কোনো মেয়ের হঠাৎ মাসিক শুরু হলে বা প্যাডের প্রয়োজন হলে সহজেই তা পেতে পারে। ব্যবহৃত প্যাড ফেলার জন্যও স্বাস্থ্যসম্মত ব্যবস্থা থাকা জরুরি।
মাসিক মেয়েদের জীবনের একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এ নিয়ে লজ্জা বা সংকোচের কিছু নেই। কিন্তু প্রয়োজনীয় সুবিধা না থাকলে অনেক কিশোরীকে সমস্যায় পড়তে হয়।
তাই বিদ্যালয়ে মাসিক সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং এ সময়ে মেয়েদের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া দরকার। শিক্ষক ও সহপাঠীদেরও এ বিষয়ে সহানুভূতিশীল হতে হবে যেন কোনো মেয়ে নিজের প্রয়োজনের কথা নির্দ্বিধায় জানাতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৬ বছর। জেলা: নীলফামারী।