শিক্ষক দিবসে তাই আমার সব শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।
Published : 05 Oct 2026, 02:45 PM
আমাদের জীবনে শিক্ষকদের অবদান অনেক। তারা শুধু বইয়ের পড়া শেখান না, ভালো মানুষ হওয়ার শিক্ষাও দেন। তাই শিক্ষকদের প্রতি আমাদের মনে সবসময় শ্রদ্ধা ও কৃতজ্ঞতা থাকা উচিত।
আমার মনে হয়, একজন শিক্ষক আমাদের জীবনে একজন পথপ্রদর্শকের মত। আমরা কোনো বিষয় বুঝতে না পারলে তারা ধৈর্য ধরে বুঝিয়ে দেন। কোনো কাজে ব্যর্থ হলে আবার চেষ্টা করতে উৎসাহ দেন। কখনো কখনো একজন শিক্ষকের একটি ভালো কথাই আমাদের নিজের ওপর বিশ্বাস ফিরিয়ে দিতে পারে।
বিদ্যালয়ে আমরা বাংলা, গণিত, বিজ্ঞান, ইতিহাসসহ নানা বিষয় পড়ি। তবে শিক্ষকরা শুধু এসব বিষয় পড়িয়েই দায়িত্ব শেষ করেন না। তাদের কাছ থেকেই আমরা সত্য বলা, নিয়ম মেনে চলা, অন্যকে সম্মান করা এবং মানুষের পাশে দাঁড়ানোর মত অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখি।
আমাদের প্রায় সবারই ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন থাকে। কেউ চিকিৎসক হতে চায়, কেউ শিক্ষক, কেউ বিজ্ঞানী, আবার কেউ অন্য কোনো পেশায় যেতে চায়। সেই স্বপ্ন পূরণের পথে শিক্ষকেরা আমাদের নানা ভাবে সাহায্য করেন। তারা আমাদের জ্ঞান দেন, ভুলগুলো শুধরে দেন এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস দেন।
শিক্ষক দিবসে তাই আমার সব শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আমাদের জন্য তারা যে সময় ও শ্রম দেন, তার মূল্য কখনও শোধ করা সম্ভব নয়।
তাদের শেখানো ভালো কথাগুলো মনে রেখে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করাই হতে পারে তাদের প্রতি আমাদের সবচেয়ে বড় সম্মান।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কুড়িগ্রাম।