ছোটবেলা থেকেই তিনি আমার পড়াশোনা, বেড়ে ওঠা এবং বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে আমাকে সহযোগিতা করে আসছেন।
Published : 11 Oct 2026, 12:50 PM
আমাদের সবার জীবনেই এমন একজন থাকেন, যার কাছ থেকে আমরা সবচেয়ে বেশি শিখি। আমার জীবনে সেই মানুষটি হলেন আমার মা।
ছোটবেলা থেকেই তিনি আমার পড়াশোনা, বেড়ে ওঠা এবং বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে আমাকে সহযোগিতা করে আসছেন।
পেশায় তিনি শিক্ষক। নিজের কাজের পাশাপাশি শিক্ষার্থীদের পড়ানো ও তাদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে হয় তাকে। তাই চাইলেও অনেক সময় আমাকে খুব বেশি সময় দিতে পারেননি।
তবে এই কম সময়ের মধ্যেও আমার পড়াশোনা ও বেড়ে ওঠার বিষয়টি তিনি সবসময় গুরুত্ব দিয়ে দেখেছেন। পড়াশোনায় কোনো বিষয় বুঝতে সমস্যা হলে এখনো তার কাছেই সাহায্য চাই।
অসুস্থ হলে তিনি আমার যত্ন নেন। কোনো ভুল করলে কেন ভুল হয়েছে, সেটাও বুঝিয়ে বলেন। কোনো বিষয় নিয়ে চিন্তায় থাকলে তার সঙ্গে কথা বলি।
মায়ের কাছ থেকে শুধু পড়াশোনাই শিখছি না। কীভাবে দায়িত্বশীল হতে হয়, নিজের ভুল স্বীকার করতে হয় এবং কোনো সমস্যা হলে তার সমাধানের চেষ্টা করতে হয়, সেসবও শিখছি।
ব্যস্ততার কারণে তিনি সবসময় আমার পাশে থাকতে পারেন না। তবে প্রয়োজনের সময় তার পরামর্শ পাই। আমার কাছে তিনি শুধু মা নন তিনি আমার শিক্ষক, অভিভাবক এবং এমন একজন মানুষ, যার সঙ্গে নিজের অনেক কথা সহজে বলতে পারি।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: নীলফামারী।