২০২৪ সালে ইউনিসেফের এক প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে ৩৪ লাখের বেশি পথশিশু রয়েছে।
Published : 07 Oct 2026, 04:00 PM
দুই বছর আগের কথা। খুলনা রেলস্টেশনে একটি সংবাদ প্রতিবেদন করতে গিয়ে দেখি, রেললাইনের পাশে অনেক শিশু ও তাদের পরিবার। কেউ কাজ করছে, কেউ খাবারের খোঁজে ঘুরছে।
জানতে পারি, তাদের অনেকে রাতে সেখানেই ঘুমায়। খুলনার দৌলতপুর ফুটব্রিজের কাছেও শিশুদের রাত কাটাতে দেখেছি।
এরপর থেকে রাস্তায় ঘুমানো শিশুদের দেখলে আমার মনে প্রশ্ন জাগে, তাদেরও কি আমাদের মত স্বপ্ন আছে? রাতে ঘুমানোর সময় তাদের কি ভয় করে না?
২০২৪ সালে ইউনিসেফের এক প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে ৩৪ লাখের বেশি পথশিশু রয়েছে। তাদের জীবনের নানা কঠিন বাস্তবতাও উঠে এসেছে সেই প্রতিবেদনে।
২০২৩ সালে ইউনিসেফের আরেক প্রতিবেদনে বলা হয়, পথশিশুদের প্রায় এক-তৃতীয়াংশ শিশু খোলা বা জনসমাগমের জায়গায় ঘুমায়। অনেকের বিছানা নেই, নিরাপদ ঘরও নেই। কেউ মাটিতে চট, কার্টন বা প্লাস্টিক বিছিয়ে ঘুমায়।
এসব কথা আমাকে ভাবায়। রাস্তায় থাকা শিশুরাও আমাদের মতোই শিশু। তাদেরও নিরাপদে ঘুমানো, পড়াশোনা করা, খেলাধুলা করা এবং ভালোবাসা পাওয়ার অধিকার আছে।
আমার মনে হয়, কোনো শিশু রাস্তায় বড় হচ্ছে বলে তার স্বপ্ন ছোট হয়ে যাওয়া উচিত নয়। তাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা ও সুরক্ষার ব্যবস্থা করা আমাদের সবার দায়িত্ব।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: খুলনা।