কোনো শিশুই যেন জীবনরক্ষাকারী এই টিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করাই ছিল আমাদের চ্যালেঞ্জ।
Published : 01 Sep 2026, 03:37 PM
কলেজ রোভার স্কাউটের সদস্য হওয়ার সুবাদে প্রায়ই নানা ধরনের স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নেওয়ার সুযোগ হয় আমার।
এই যেমন কয়েক মাস আগেই হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনে অংশ নিয়েছিলাম। স্বেচ্ছাসেবী হিসেবে এই দায়িত্ব পালন করতে গিয়ে ভালো লাগার পাশাপাশি অনেক কিছু শিখতেও পেরেছি।
এপ্রিলের ২০ থেকে ১০ মে পর্যন্ত চলে এ কার্যক্রম। এই ক্যাম্পেইনের লক্ষ্য ছিল ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম-রুবেলা টিকার আওতায় আনা। কোনো শিশুই যেন জীবনরক্ষাকারী এই টিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করাই ছিল আমাদের চ্যালেঞ্জ।
টিকাদান ক্যাম্পেইনে আমাদের অংশগ্রহণ ছিল মাঠ পর্যায়ে। আমরা সিলেট সিটি কর্পোরেশন নির্ধারিত বিভিন্ন টিকাদান কেন্দ্রে উপস্থিত থেকে টিকা প্রদান কার্যক্রমে সহযোগিতা করেছি। পাশাপাশি নির্ধারিত এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে মানুষের কাছে টিকার প্রয়োজনীয়তা তুলে ধরেছি।
এমনকি বিদ্যালয়ের বাইরে থাকা কিংবা টিকা সম্পর্কে অসচেতন পরিবারের কাছে গিয়েও আমরা টিকা নেওয়ার গুরুত্ব বুঝিয়েছি।
প্রতিদিন অসংখ্য অভিভাবক তাদের সন্তান নিয়ে টিকাদান কেন্দ্রে আসতেন। হাম-রুবেলার মত মারাত্মক রোগ থেকে সন্তানকে সুরক্ষিত করতে পেরে তাদের চোখেমুখে স্বস্তি ও আনন্দের ছাপ দেখতে পেতাম।
অনেক শিশু টিকা নেওয়ার সময় ভয় পেয়ে কান্না করত কিন্তু পরেই আমাদের স্নেহ ও আন্তরিক আচরণে তারা দ্রুত স্বাভাবিক হয়ে যেত। শিশুদের হাসি মুখ দেখে আমাদেরও অনেক আনন্দ হত।
তাদের হাসি থেকেই আমরা একটানা কাজ করার অনুপ্রেরণা পেতাম। স্বেচ্ছাসেবী হিসেবে আমি অনেক কাজ করলেও, টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়ার কাজটি আমাকে সবচেয়ে আনন্দ দিয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিলেট।