বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, কুকুরের কামড়ের ঝুঁকি কমাতে কুকুরকে উত্যক্ত করা বা অযথা বিরক্ত করা এড়িয়ে চলা উচিত।
Published : 29 Oct 2026, 04:57 PM
রাস্তার পাশে বসে আছে একটি কুকুর বা বিড়াল। হঠাৎ কেউ তাকে লক্ষ্য করে ঢিল ছুড়ল, আর প্রাণীটি ভয়ে দৌড়ে পালাল। পাশে দাঁড়িয়ে কয়েকজন হয়ত হেসে উঠল।
কিন্তু একবারও কি ভেবে দেখেছি, আমাদের এই হাসির আড়ালে প্রাণীটির কতটা কষ্ট লুকিয়ে আছে?
রাস্তার কুকুর-বিড়ালও ব্যথা পায়, ভয় পায়। ঢিলের আঘাতে তারা আহত হতে পারে। কখনো ভয়ে দৌড়ে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকারও হতে পারে। শুধু মজা করার জন্য কোনো প্রাণীকে আঘাত করা মোটেও মানবিক আচরণ নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, কুকুরের কামড়ের ঝুঁকি কমাতে কুকুরকে উত্যক্ত করা বা অযথা বিরক্ত করা এড়িয়ে চলা উচিত। তাই রাস্তার কুকুর-বিড়ালকে ভয় দেখানো বা ঢিল ছোড়ার বদলে তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা ভালো।
আমরা একটু সচেতন হলেই প্রাণীদের প্রতি সদয় আচরণের চর্চা করতে পারি। কাউকে রাস্তার কুকুর-বিড়ালকে ঢিল ছুড়তে দেখলে নিরাপদভাবে তাকে বুঝিয়ে বলতে পারি, এমন আচরণ বন্ধ করা উচিত।
আমি মনে করি, প্রাণীদের কষ্ট না দিয়ে তাদের নিরাপদে থাকতে দেওয়াই আমাদের দায়িত্ব।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।