আমার মতে, কৃষকদের প্রতি আমাদের আরও বেশি সম্মান ও সহযোগিতা করা উচিত।
Published : 29 Sep 2026, 11:50 AM
আমরা প্রতিদিন যে ভাত, শাকসবজি ও অন্যান্য খাবার খাই তার পেছনে কৃষকদের অনেক পরিশ্রম রয়েছে। কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে আমাদের জন্য খাদ্য উৎপাদন করেন।
কিন্তু আমরা অনেক সময় খাবারের টেবিলে বসে সেই কৃষকের কষ্টের কথা চিন্তা করি না।
বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের অনেক মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। ধান, বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল ও অন্যান্য ফসল চাষ করে কৃষকেরা তাদের জীবিকা নির্বাহ করেন। একটি ফসল উৎপাদনের জন্য কৃষককে জমি প্রস্তুত করা, বীজ বপন, পরিচর্যা এবং ফসল সংগ্রহ পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়।
প্রকৃতির ওপর কৃষকের জীবন অনেকটাই নির্ভরশীল। অতিবৃষ্টি, বন্যা, খরা বা বিভিন্ন প্রাকৃতিক সমস্যার কারণে কৃষকের ফসলের ক্ষতি হতে পারে। আবার অনেক সময় উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকদের নানা সমস্যায় পড়তে হয়। এত কষ্টের পরও তারা দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আমার মতে, কৃষকদের প্রতি আমাদের আরও বেশি সম্মান ও সহযোগিতা করা উচিত। তারা শুধু নিজের পরিবারের জন্য নয় দেশের মানুষের জন্যও খাদ্য উৎপাদন করেন।
তাদের আধুনিক কৃষি সম্পর্কে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হলে কৃষি খাত আরও উন্নত হতে পারে বলে আমি মনে করি।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: শেরপুর।