আমি ভাবতে থাকি, অনুশীলন না করলেও ভালো ফল করা সম্ভব।
Published : 26 Oct 2026, 07:30 PM
মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা থেকে নতুন কিছু শেখা যায়। আমার জীবনেও এমন একটি ঘটনা ঘটেছে। নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে আমি অনুশীলনের গুরুত্ব বুঝতে পেরেছি।
আমাদের আবৃত্তি শিক্ষক আমাকে কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করতে বলেন। প্রথমে আমি ‘বিদ্রোহী’ কবিতাটি অনুশীলন করি। পরে জানতে পারি এই কবিতাটি নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য নির্ধারিত ছিল ‘কাণ্ডারী হুঁশিয়ার’ ও ‘সংকল্প’। তাই আমি ‘সংকল্প’ কবিতাটি বেছে নিই। কবিতাটি মুখস্থ থাকলেও পড়াশোনার চাপে ভালোভাবে অনুশীলন করতে পারিনি।
স্কুল পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে আমি প্রথম স্থান অধিকার করি। এতে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। আমি ভাবতে থাকি, অনুশীলন না করলেও ভালো ফল করা সম্ভব।
তাই উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার আগেও নিয়মিত অনুশীলন করিনি। কিন্তু সেখানে আমি দ্বিতীয় স্থান অধিকার করি। ফলে জেলা পর্যায়ে যাওয়ার সুযোগ পাইনি।
এই ফলাফলে আমার মন খারাপ হয়নি। বরং নিজের ভুল বুঝতে পেরেছি। আমি শিখেছি, কোনো কাজে ভালো করতে শুধু প্রতিভা থাকলেই হয় না, নিয়মিত অনুশীলনও করতে হয়। এখন থেকে যেকোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কুড়িগ্রাম।